ভিভের চোখে পূর্বের টেন্ডুলকার এখন ইতিহাস
ছোটখাট আকৃতির এই খেলোয়াড়টি ভারত আর ক্রিকেট দুনিয়াকে দিয়েছেন অনেক। দৈহিক ক্ষুদ্রতাকে ছাপিয়ে হাতের ব্যাটটি দিয়ে রানের ফুলঝুড়ি ছুটিয়ে নিজেকে নিয়ে গেছেন আকাশসম উচ্চতায়। ভারতীয় ক্রিকেট তার কাছে অনেক ঋণী। তিনি ভারতীয় ব্যাটিং জিনিয়াস শচীন রমেশ টেন্ডুলকার।
কিন্তু আগের সেই দুরন্তভাব যেন ইদানীং তার ব্যাটে খুঁজে পাওয়া যাচ্ছেনা। আগামী রোববার ৩২ এ পা রাখতে যাচ্ছেন টেন্ডুলকার। বয়সের সাথে সাথে তাঁর অতিপরিচিত ব্যাটটিও যেন ভারাক্রান্ত হয়ে পড়ছে। আর এতেই নাখোশ শচীনভক্তরা। ভক্তরা তার কাছ থেকে আগের সেই আগুনঝড়ানো ব্যাটিংই দেখতে চান।
শচীনভক্তদের চাইতে অবশ্য আলাদা ক্যারিবিয়ান কিং ভিভ রিচার্ডস। কিংয়ের মতে এটাই স্বভাবিক। ষোল বছর আগের টেন্ডুলকার আর এখনকার টেন্ডুলকার নিশ্চয়ই এক নয়।
শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে রিচার্ডস যুক্তিটা দেখিয়েছেন এভাবে, “ ২১ বছর বয়সে চোখের দৃষ্টি আর হাতের কারুকাজ মিলিয়ে আপনি সেরা হতে পারেন। ২৬ - এ এসে আপনি বুঝতে শিখবেন। টেন্ডুলকারও এখন অনেক পরিণত। ভক্তদের চাহিদা সবসময় পূরণ করা তার পক্ষে সম্ভব নয়। সে হয়ত আগের মতই খেলতে চাইবে কিন্তু সেটা তো আর সম্ভব নয়।”
পাকিস্তানের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে আধুনিক ক্রিকেটের সবচেয়ে সফল এই ব্যাটসম্যানের অভিজ্ঞতা ছিল মিশ্রধরনের। আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেট লিজেন্ড সুনীল গাভাস্কারের ৩৪টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গা থেকে আর একধাপ দুরে দাঁড়িয়ে আছেন শচীন।
মুম্বাইয়ের এই ব্যাটসম্যান টেস্টে ১০,১৩৪ রান নিয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ স্কোরারদের তালিকায় চতুর্থ স্থনটি দখল করে আছেন। তাঁর আগে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ, অ্যালান বোর্ডার এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। এদের মধ্যে আবার ওয়াহ আর বোর্ডার ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। এখন ভাবুনতো শচীন কোথায় গিয়ে দাঁড়াতে পারেন। অন্যদিকে ওয়ানডেতেও সমানভাবে সফল শচীনের রান ১৩,৬৪২। এরমধ্যে আবার তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন ৩৮ বার।
ভিভের ধারনা, টেন্ডুলকার যদি এই মুহুর্তে ক্রিকেট ছেড়ে দেয় তারপরও সে কিংবদন্তীই হয়ে থাকবে। কিং রিচার্ডস বলেন, “ ভারতীয় ক্রিকেটকে অন্যরকম এক উচ্চতায় নিয়ে গেছেন শচীন। এখনপর্যন্ত সে ঠিকমতই এগুচ্ছে।”
আর নিজের সম্পর্কে ভিভের বক্তব্য শুনবেন? “ ভিভ রিচার্ডস ভিভ রিচার্ডসই। আমি নিজেকে অন্য কারও সাথে তুলনা করবনা। অন্যদের কাছ থেকে উৎসাহ নিয়েই আমি খেলেছি কিন্তু কাউকে অনুকরণ করিনি কখনও।”
