মুক্তিযোদ্ধার ঘরে স্বাধীনতা গোল্ড কাপ ফুটবলের শিরোপা
স্বাধীনতা গোল্ড কাপ ফুটবলের শিরোপা জিতেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনষ্ঠিত ফাইনালে তারা ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারায়।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্টেডিয়ামে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মুক্তিযোদ্ধা সংসদ তাদের এ বিজয়কে সাবেক ফুটবলার মোনেম মুন্নার প্রতি উৎসর্গ করে।
নাইজেরিয়ান স্ট্রাইকার পল এবং সাইফুর মুক্তিযোদ্ধার পক্ষে গোল দুটি করেন। এর আগে বাতিল হয়ে যাওয়া ফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ ১-০ গোলে পিছিয়ে থাকলেও গতকালকের খেলায় তাদেরই নিয়ন্ত্রণে ছিল। ব্রাদার্সের রাশিয়ান স্টাইকার এডওয়ার্ড ভিক্টর ইরজুরির কারণে খেলতে না পারায় ব্রাদার্স আরও দুর্বল হয়ে পড়ে।
খেলা শুরুর ১২ মিনিটের মাথায় ব্রাদার্স একটি আক্রমণ করলেও গোলরক্ষক আমিনুলের চেস্টায় তা ব্যর্থ হয়ে যায়। ২৪ মিনিটের মাথায় ব্রাদার্স আরেকবার আক্রমণ করলেও গোলের দেখা পায়নি তারা।
প্রথমার্ধের শেষে ইনজুরি টাইমে নাইজেরিয়ার স্টাইকার পল প্রথম গোল করে মুক্তিযোদ্ধাকে এগিয়ে নেন।
৫০ মিনিটে ব্রাদার্স গোল পরিশোধ করার সূযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের সময় সাইফুল দ্বিতীয় গোল করে মুক্তিযোদ্ধা সংসদের ব্যবধান বাড়ান।
