আফ্রিদির ম্যাচ উইনিং ব্যাটিং: মোশাররফের পুরস্কার ঘোষণা
শুক্রবার পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ভারতের বিরুদ্ধে কানপুরে গ্রীন পার্ক স্টেডিয়ামে পঞ্চম ওয়ান ডে ম্যাচে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি এবং দলের জয়ের ভিত্তি স্থাপন করে দেওয়ার জন্য আফ্রিদিকে ৫,০০,০০০ রুপি পুরস্কার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাকিস্তান ম্যাচটি পাঁচ উইকেটে জয় লাভ করে।
ছয় ম্যাচ সিরিজের পঞ্চম ওয়ান ডে ম্যাচে হার্ড-হিটার শাহেদ আফ্রিদির চমৎকার ব্যাটিংয়ের কারণে সফরকারি পাকিস্তান সহজেই জয় তুলে নেয় এবং সিরিজে প্রথমবারের মত ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ ম্যাচ জয়ের পর ফোনে পাক দলের অধিনায়ক ইনজামাম উল হক এবং ম্যাচ-সেরা খেলোয়ার আফ্রিদির সাথে কথা বলেন এবং জয়ের জন্য অভিনন্দন জানান।
পাকিস্তানের একজন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট মোশাররফ অধ্যাবসায়, রান পাওয়ার আকাঙ্খা সর্বোপরি অসাধারণ খেলা পরিবেশন করার জন্য আফ্রিদির ভূয়সী প্রশংসা করেন।
পাক-ভারত সিরিজে দ্বিতীয়বারের মত প্রেসিডেন্ট মোশাররফ খেলোয়ারদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিলেন। তিনি আহমেদাবাদে চতুর্থ ওয়ান ডে ম্যাচে শেষ বলে জয়ের স্বাদ এনে দেওয়ার জন্য পাক সেনাপতি ইনজামামকে এক মিলিয়ন রুপি দেয়ার ঘোষণা দেন।
আশা করা হচ্ছে রোববার দিলিতে ফিরোজ শাহ্ কোটলায় শেষ এবং চূড়ান্ত ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে যাবেন প্রেসিডেন্ট মোশাররফ। তখন তিনি পুরো দলকেই পুরস্কার দেওয়ার ঘোষণা দিতে পারেন।
