কানপুরে পঞ্চম ওয়ানডেতে আফ্রিদির কাছে হেরে গেল ভারত
ওপেনার শহীদ আফ্রিদির ৪৬ বলে ১০২ রান ভারতের বিরুদ্ধে পঞ্চম ওয়ানডেতে পাকিস্তানকে পাঁচ উইকেটের জয় এনে দিয়েছে।
এই জয়ের ফলে পাকিস্তান ছয় ম্যাচের সিরিজে ৩- ২ এ এগিয়ে গেল পাকিস্তান।
ভারতের ২৪৯ রানের জবাবে সফরকারী পাকিস্তান ৪২ দশমিক ১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৫২ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়।
আফ্রিদি ৪৫ বলে তার শতক পুরন করেন যাতে ১০টি চারের মার রয়েছে। হরভজনকে পুলের মাধ্যমে চার মেরে আফ্রিদি ওয়ানডেতে তার চতুর্থ শতক পূর্ন করেন। কিন্তু পরের বলেই বোল্ড হয়ে যান আফ্রিদি। তবে যাওয়ার আগে ওয়ানডেতে ২০০ ছক্কার এক অনন্য রেকর্ডও গড়ে যান আফ্রিদি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও পাকিস্তানের জয় রোধ করতে পারেনি ভারত। স্পিনার অনিল কুম্বলে সালমান বাটকে ২১ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এবং ইউসুফ ইউহানাকে কভার অঞ্চলে মোহাম্মদ কাইফের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন।
এছাড়া অল রাউন্ডার শোয়েব মালিকের ব্যাট থেকে ৬০ বলে ৪১ রানের একটি ঝকঝকে ইনিংসও বেরিয়ে আসে।
ইউনিস খান ২৪ রান করে শেওয়াগের বলে বোল্ড হন। তবে অধিনায়ক ইনজামাম (২৪ রান) এবং আব্দুল রাজ্জাক নিরাপদে দলকে জয় পাইয়ে দেন।
সকালে পাক পেসার রানা নভেদ উল হাসানের ভয়ংকর বোলিংয়ে মাত্র ২৬ রানে ৩ উইকেট হারিয়ে নড়বড়ে হয়ে পড়ে ভারতে Ÿ্যাটিং লাইন আপ। রানা প্রথম তিন ওভারে ভারতের দুই ওপেনার বিরেন্দর শেওয়াগ এবং শচীন টেন্ডুলকারকে ফিরিয়ে দেন। চতুর্থ ওভারে ফিরে যান আরেক হিরো মহেন্দ্র ধোনী।
এরপর ব্যাট হাতে মাঠে নামেন ভারপ্রাপ্ত অধিনায়ক রাহুল দ্রাবিড় এবং মোহাম্মদ কাইফ। পঞ্চম উইকেট জুটিতে এরা দু’জন ১৩৫ রান যোগ করে ভারতকে লজ্জার হাত থেকে বাঁচিয়ে দেন। এরআগে অবশ্য দলীয় ৫৯ রানে আব্দুল রাজ্জাকের বলে ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন যুবরাজ সিং।
দ্রাবিড়ের ব্যাট থেকেই বেরিয়ে আসে দলীয় সর্বোচ্চ ৮৬ রান। অন্যদিকে লোকাল হিরো কাইফ ৭৮ বলে নয়টি বাউন্ডারির সাহায্যে ৮৮ রান করে মাতিয়ে তুলেছিলেন গ্যালারী।
