২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কের মুখে গাঙ্গুলির ক্যারিয়ার

একদিকে মাথার উপর বহিষ্কারের খাড়া অন্যদিকে ফর্মের তলানীতে ঠেকে যাওয়া, এসবই ভারতীয় দলের ভার বহনে গাঙ্গুলির কার্যকারিতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 06:26 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

আহমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারনে ছয় ম্যাচ বহিষ্কারের পর ভারত জুড়ে গাঙ্গুলির ভবিষ্যত নিয়ে শুরু হয়েছে কানাঘুষা। তারউপর আবার দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চাইতে বেশি সময় অতিবাহিত করার অপরাধে আইসিসি ম্যাচ রেফারী ক্রিস ব্রড গাঙ্গুলির ৩০% ম্যাচ ফি কেটে নেন।

গত নভেম্বরেও একই অপরাধের জন্য দুই ম্যাচ বহিষ্কারাদেশ আপীল করে পার পেয়েছিলেন গাঙ্গুলি। এতো গেল অপরাধ আর শাস্তির কথা। এবার আসা যাক ফর্মের কথায়।

১৯ টেস্টে জয় নিয়ে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সর্বশেষ শতকের দেখা পেয়েছিলেন ২০০৩ এর শেষভাগে। আর শেষ পাঁচটি ইনিংসে তার মোট রান মাত্র ৪৮! এছাড়া পাকিস্তানের বিরুদ্ধে চলতি চারটি ওয়ানডেতে রান করেছেন যথাক্রমে শুন্য, নয়, চার এবং ১৮। অবিশ্বাস্য, অন্তত গাঙ্গুলির মত খেলোয়াড়ের ক্ষেত্রে।

গাভাস্কার গাঙ্গুলির এই দুদর্শাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন। ভারতের একটি দৈনিকে নিজের কলামে ভারতের সাবেক এই অধিনায়ক লিখেছেন, “ গাঙ্গুলিকে দেখে মনে হয় সে খুব চাপের মধ্যে রয়েছে আর এটাই তার খেলার উপর প্রভাব ফেলছে।”

মাঠে সৌরভ যেভাবে আউট হচ্ছেন তা দেখে যে কারও মনে হতে পারে পাড়ার ছেলেদের খেলা দেখছেন। দলের খারাপ সময়ে মহারাজার ব্যাট যেন ঝলসাতেই ভুলে গেছে।

ভারতীয় দলের প্রধান নির্বাচক কিরন মোরে এক্ষেত্রে গাঙ্গুলির পক্ষে বড় ধরনের সাফাই গেয়েছেন। তাঁর মতে, ভালো অধিনায়কের পাশাপাশি গাঙ্গুলি ভালো ক্রিকেটারও বটে। আর ভারতকে পরিচালনার মত গুনও তার রয়েছে।

আমরা ক্রিকেটপ্রেমীরাও সেটা জানি। আমরা চাই গাঙ্গুলি আবার ফিরে আসুক মহারাজার মতই।