২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্ল্যাক ক্যাপদের এগিয়ে দিলেন ভিনসেন্ট ও ফ্লেমিং

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দ্বিতীয় টেস্ট ম্যাচে লু ভিনসেন্ট এবং অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের অপরাজিত হাফ-সেঞ্চুরির উপর ভর করে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৪২ রানের লিড নিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 10:45 AM

Updated : 26 Apr 2022, 05:33 PM

ভিনসেন্ট অপরাজিত থাকেন ৭৯ রানে এবং টপ-অর্ডার ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতার পর দলের হাল ধরেন কিউই অধিনায়ক ফ্লেমিং। তিনি ক্রিজে আঠার মত লেগে থেকে মূল্যবান ৬০ রান সংগ্রহ করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ২১১ রানের জবাবে ব্ল্যাক ক্যাপ বাহিনী চার উইকেটে ২৫৩ রান সংগ্রহ করার পর কুয়াশার কারণে নির্দ্ধারিত সময়ের আগেই আম্পায়ার খেলা বন্ধ করার নির্দেশ দেন।

ভিনসেন্ট বলেন, “আমরা দ্বিতীয় টেস্ট ম্যাচে চালকের অবস্থানে রয়েছি। ৪২ রানের লিড এবং ছয় উইকেট হাতে থাকার পরেও দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।”

তিনি আরও বলেন, “এখনও প্রচুর সময় আছে। দ্বিতীয় দিনে আমরা ৪২ রানে এগিয়ে রয়েছি তাই তাদের তুলনায় সুবিধাজনক অবস্থায় রয়েছি। আমরা তিন দিনে ম্যাচ জয় করতে চেষ্টা করছি না। আমাদের হাতে পাঁচ দিন রয়েছে তাই তাড়াহুড়ার কিছুই নেই।”

দিনের প্রথম সেশনে শ্রীলঙ্কান পেসার চামিন্দা ভাসের অগ্নিঝরা বোলিং স্পেলের কারণে কিউইরা টপ-অডার ব্যাটসম্যানদের হারায়। এ অবস্থায় দলের হাল ধরেন ভিনসেন্ট ও ফ্লেমিং এবং তারা অপরাজিত পঞ্চম উইকেট জুটিতে ১৪১ মিনিট ক্রিজে থেকে দলের জন্য ১০০ রান সংগ্রহ করেন।

শ্রীলঙ্কান পেস বোলার ভাস সকালের সেশনে আউট করেন মার্শাল ভ্রাতৃদ্বয়কে, ফলে ব্ল্যাক ক্যাপ দল কিছুটা চাপের মধ্যে পড়ে। তবে দলের চাপ কিছুটা কমান ক্রেগ কামিং এবং নাথান এসলে। ভাস বলেন, “আজ যেভাবে বোলিং করেছি তাতে আমি খুব খুশি।”

দিনের তৃতীয় ওভারে ভাসের একটি নিখুঁত ইন-সুইং বলের ফাঁদে পড়ে ২৮ রান করার পর এলবিডব্লিউর শিকার হন জেমস মার্শাল। এরপর তার একটি অফ-কাটার বল ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে দাঁড়ানো মাহেলা জয়বর্ধনার তালুবন্দি হলে হামিশ মার্শাল ব্যক্তিগত ছয় রানের মাথায় আউট হন।

কামিং সাড়ে তিন ঘন্টা ক্রিজে থাকার পর ব্যক্তিগত ৪৭ রানের মাথায় ভাসের বলে এলবিডব্লিউ হন। এরপর প্রথম টেস্ট ম্যাচের সেঞ্চুরিয়ান এসলে ব্যক্তিগত খাতা খোলার আগেই প্যাভিলিয়ানে ফিরে যান। তিনি শর্ট লেগে দাঁড়ানো ফিল্ডার সনথ কালাভিতিগোদার হাতে ক্যাচ তুলে দেন।