পাক-ভারত সিরিজের আগামী ম্যাচ দেখতে দুই দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মাঠে থাকবেন
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং চলতি মাসের ১৭ তারিখে দিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্দো-পাক ওয়ান ডে সিরিজের পঞ্চম ম্যাচ দেখবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্র মঙ্গলবার এ কথা জানায়।
অন্যদিকে ওই ম্যাচ দেখতে ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধি, তার ছেলে রাহুল গান্ধি ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধি ভিআইপি গ্যালারিতে উপস্থিত থাকবেন।
বোর্ডের কর্মকর্তারা জানান, উভয় দেশের হাজার হাজার ক্রিকেটপ্রেমীর সাথে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, বিজেপি প্রেসিডেন্ট লাল কৃষ্ণ আদভানী এবং লোকসভার স্পীকার সোমনাথ চ্যাটার্জিও খেলা দেখবেন বলে আশা করা যাচ্ছে।
এছাড়াও উপমহাদেশের দুই ক্রিকেট পরাশক্তির খেলা দেখতে আরজেডি প্রেসিডেন্ট লালু প্রসাদ যাদব এবং বিহারের রাজনীতিতে তার প্রতিপক্ষ নীতিশ কুমারও উপস্থিত থাকবেন।
ছয় ম্যাচের সিরিজ এখন ২-২-এ সমতা রয়েছে।
তবে দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠের নির্মাণ কাজ এখনও পুরোপুরি সম্পন্ন হয় নি। ফ্রি পাস এবং বিক্রির জন্য পর্যাপ্ত টিকিটের দাবি প্রতিনিয়ত বৃদ্ধির কারণে একমাত্র ভাগ্যবানরাই গ্যালারীতে বসে ঐতিহাসিক ‘ডি’ ডের দিন অনুষ্ঠিতব্য ওই ম্যাচ দেখতে পারবে।
সূত্র জানায়, ম্যাচের দিন ভিআইপিদের খাবারের দায়িত্ব দেওয়া হয়েছে তাজ ক্যাটারিং-কে। হোটেল ইন্টারকণ্টিনেন্টাল এবং দিল্লির একটি বিখ্যাত রেষ্টুরেন্টও খাবার সরবরাহের দায়িত্ব পেয়েছে। অন্যদিকে তারা মাঠে অবস্থিত ফুড কোর্টেও খাবার সরবরাহ করবে।
উষ্ণতার ইঙ্গিত হিসেবে দিল্লি এবং ডিষ্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশন ম্যাচের দিন প্রায় ৩৫০০ পাকিস্তানি ক্রিকেটপ্রেমীকে বিনামুল্যে খাবারের কুপন ইস্যু করবে বলে আশা করা হচ্ছে।
