২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর ঘরে জাতীয় ক্রিকেটের ওয়ানডে শিরোপা

একম্যাচ বাকি থাকতেই জাতীয় ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে রাজশাহী। মঙ্গলবার বরিশাল স্টেডিয়ামে স্বাগতিকদের ১৪০ রানে হারিয়ে রাজশাহী শিরোপা নিশ্চিত করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 08:23 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

অন্যদিকে সিলেট স্টেডিয়ামে খুলনা ও সিলেটের মধ্যেকার ম্যাচটি ভারী বৃষ্টিপাতের কারণে পরিত্যক্ত হলে দু’দলের মধ্যে পয়েন্ট ভাগভাগি করে দেয়া হয়।

দিনের অপর ম্যাচে ফতুল্লা স্টেডিয়ামে চট্টগাম চার উইকেটে ঢাকাকে হারিয়ে দিয়েছে।

রাজশাহী বনাম বরিশাল

প্রথম ব্যাট করে রাজশাহী নয় উইকেট হারিয়ে ২৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। দলের পক্ষে আনিসুর রহমান সর্বোচ্চ ৭৫ রান করেন। তিনি সাতটি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে ৭৫ বল খরচায় এই রান করেন।

রাজশাহীর উদ্বোধনী জুটিতে মনিরুজ্জামান ও রাকিবুল হাসান ১১ দশমিক ৪ ওভারে ৮০ রান করে দলকে মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়ে দেন। কিন্তু এরপর ২৬ রানে দ্রুত তিনটি উইকেটের পতন ঘটলে চাপের মধ্যে পড়ে যায় রাজশাহী। এ অবস্থা থেকে দলকে টেনে তোলেন আনিস এবং জাতীয় দল থেকে বাদ পড়া মুশফিকুর রহমান বাবু। চতুর্থ উইকেট জুটিতে তারা দ’ুজন ২৫ দশমিক ২ ওভার ব্যাট করে ১১৫টি মুল্যবান রান যোগ করেন।

মুশফিক ৮৭ বলে দু’টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করেন। বরিশালের পেসার মোহাম্মদ শরিফ ৭৩ রানে ৪টি এবং আলী আরমান রাজন ৪০ রানে দু’টি উইকেট লাভ করেন।

জবাবে বরিশাল ৪০ দশমিক ৫ ওভারে ১৪০ রানেই গুটিয়ে যায়। মুশফিকুর রহমান ৩৩ রানের বিনিময়ে চারটি উইকেট দখল করে রাজশাহীর জয় তরান্বিত করেন।

ঢাকা বনাম চট্টগ্রাম

সকালে টস নামের ভাগ্য পরীক্ষায় জয়ী হলেও ম্যাচ জিততে পারেনি ঢাকা। প্রথমে ব্যাট করে ঢাকা নয় উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। মেহরাব সর্বোচ্চ ২৮, মাসুদুর রহমান ও রাশেদুল হক উভয়ই ২৬ রান করেন। চট্টগ্রামের আসাদুল্লাহ চারটি এবং এহসানুল হক দু’টি উইকেট লাভ করেন।

জবাবে চট্টগ্রামের ওপেনার গাজী সালাউদ্দিনের ৯০ রানের ওপর ভর করে ৪৩ দশমিক ২ ওভারে ছয় উইকেট খুইয়ে ১৯৭ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সালাউদ্দিন ১১টি বাউন্ডারি এবং একটি ছয়ের সাহায্যে এই রান করেন। এছাড়া চট্টগ্রামের অধিনায়ক সাব্বির খান তিনটি চার এবং সমসংখ্যক ছয়ের সাহায্যে ৬৪ রান করে অপরাজিত থাকেন। ঢাকার নাজমুস সাদাত তিন উইকেট নেন।

বুধবার একই ভেন্যুতে চারদিনের ম্যাচে দলগুলো পরস্পরের মুখোমুখি হবে।