গিলক্রিস্টের অবসর পরিকল্পনা
বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের সহ অধিনায়ক এবং উইকেট কিপার এডাম গিলক্রিস্ট বলেছেন, তিনি ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইনসাইড ক্রিকেট ম্যাগাজিনকে গিলক্রিস্ট বলেন যে, তিনি তার শিশু সন্তান হ্যারিসন এবং অ্যানিকে আরো বেশি সময় দিতে চান।
৩৩ বছর বয়সি গিলক্রিস্ট বলেন, “আমাকে ক্রিকেটে টিকে থাকার জন্য বেশ কয়েক বছর ধরে যে সংগ্রাম করতে হচ্ছে, তাতে শারীরিক ধকলের চাইতে মানসিক চাপই গেছে বেশি। আমি সবসময় নিজেকে প্রশ্ন করেছি, কিভাবে এ অবস্থা থেকে পরিত্রান পাব এবং দক্ষতা বৃদ্ধি করতে পারবো।”
ইতোমধ্যে গিলক্রিস্ট শীর্ষ ক্রিকেটারদের কাতারে চলে এসেছেন এবং ফর্ম বজায় রাখার বিষয়ে তিনি সব সময়ই অতুলনীয়।
তিনি টেস্ট ক্রিকেটে প্রায় ৪,৫০০ রান তুলেছেন, যার গড় দাঁড়ায় ৫৫ দশমিক ৬৫ এবং এর মাঝে রয়েছে ঝকঝকে ১৫টি সেঞ্চুরি। তিনি উইকেটের পেছনে দাঁড়িয়ে টেস্ট ক্রিকেটে ২৬০টি ক্যাচ ধরেছেন এবং স্টাম্পিং করেছেন ২৭টি। সীমিত ওভারের ইন্টারন্যাশনাল ম্যাচেও তার ব্যাট থেকে এসেছে ৭,০০০ রান এবং উইকেটের পেছনে দাঁড়িয়ে উইকেট শিকার কেেছন ৪০০-র বেশি।
