২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগের চারদিনের ম্যাচের প্রথম দিনে রাজশাহী, ঢাকা এবং সিলেটের প্রধান্য

ইস্পাহানি জাতীয় ক্রিকেট লিগের চার দিনের ম্যাচের প্রথম দিন শাসন করেছে রাজশাহী, ঢাকা এবং সিলেট। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে খুলনার বিরুদ্ধে ফরহাদ রেজার সেঞ্চুরিতে স্বাগতিক রাজশাহী চালকের আসনে। দিনশেষে রাজশাহীর সংগ্রহ পাঁচ উইকেটে ৩৩৬ রান। ফরহাদ ১৭১ এবং আনিসুর রহমান ৫৩ রান করে অপরাজিত রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 09:01 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বরিশালে স্বাগতিকদের বিরুদ্ধে ঢাকা তিন উইকেট হারিয়ে তুলেছে ২৬৭ রান। অন্যদিকে সিলেট স্টেডিয়ামে চট্টগ্রামের বিরুদ্ধে সিলেটও ২৬৭ রান তুলেছে পাঁচ উইকেট খুইয়ে। পারভেজ আহমেদ ৮৯ রানে অপরাজিত রয়েছেন।

রাজশাহী বনাম খুলনা

প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও রাজশাহীর দুই ওপেনার তার যৌক্তিকতা প্রমান করতে ব্যর্থ হয়েছেন। মাত্র ২৪ রানেই সাজঘরে ফেরেন তারা। তবে এরপর ফরহাদ রেজা এবং নাঈম ইসলাম তৃতীয় উইকেট জুটিতে ৪৩ রান যোগ করে কিছুটা হলেও ইনিংস মেরামত করেন। নাঈম ১৬ রান করে মঞ্জুরুল ইসলামের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন।

ফরহাদের সাথে জুঁটি বাঁধেন জাতীয় দল থেকে বাদ পড়া মুশফিকুর রহমান। জামাল বাবু এই জুঁটি ভাঙ্গার আগে এরা দু’জন দলের স্কোরকে ১৪৭ এ নিয়ে যান।

ষষ্ঠ উইকেট জুঁটিতে ফরহাদ ও আনিসুর রহমান অবিচ্ছিন্ন থেকে ১৫১ রান যোগ করেন। খুলনার দুর্বল বোলিং এ্যাটাক রাজশাহীর ব্যাটসম্যানদের কোনমতেই বেঁধে রাখতে পারেনি। স্পিনার জামাল বাবু ৫২ রান দিয়ে দু’টি উইকেট লাভ করেন।  

ঢাকা বনাম বরিশাল

ওয়ানডেতে বরিশালের বিরুদ্ধে হারলেও চারদিনের ম্যাচের প্রথম দিনে নিজেদের আসল রূপটা দেখিয়েছে ঢাকা।

প্রথমে ব্যাট করে দুই ওপেনার রাশেদুল হক ও আনোয়ার হোসেন ১০৩ রান করে দলকে মজবুত স্থানে পৌঁছে দেন। রাশেদুল ৬৮ রান করে স্টাম্পড হয়ে যান। এরপর মেহরাব হোসেন জুনিয়রও অল্প সময়ের ব্যাবধানে ছয় রানে ফিরে গেলে কিছুটা চাপের মধ্যে পড়ে ঢাকা।

দলকে বিপদ থেকে উদ্ধার করেন সিনিয়র মেহরাব। আনোয়ারকে সাথে নিয়ে তৃতীয় উইকেট জুঁটিতে মেহরাব হোসেন অপি ৯৫ রান যোগ করলে হাঁফ ছেড়ে বাঁচে ঢাকা। দলীয় ২০৫ এবং নিজের ৮৪ রানে তৌহিদের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন আনোয়ার। অপি ৬৬ ও আদিল হোসেন ৩০ রান নিয়ে দ্বিতীয় দিনের সূচনা করবেন।

বরিশালের পক্ষে তৌহিদ, আরমান এবং তারিকুল একটি করে উইকেট তুলে নেন।

সিলেট বনাম চট্টগ্রাম

সকালে ব্যাট করতে নেমে সিলেটের ওপেনাররা ৬১ রান করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। কিন্তু ৩০ রান করে মনিরুজ্জামান আরাফাতের বলে ফয়সালের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। এরপর শুন্য রানে সাজঘরে ফেরেন ওয়ান ডাউন ইমতিয়াজ হোসেন। কিছুক্ষণ পর দলকে ৭৯ রানে রেখে প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার গোলাম রহমান।

তবে দলের হতচ্ছাড়া চেহারা হওয়ার আগেই হাল ধরেন অধিনায়ক অলোক কাপালী এবং পারভেজ। দু’জনে মিলে চতুর্থ উইকেট জুঁটিতে  মুল্যবান ১৩৩ রান যোগ করেন। কাপালী ১৩৯ বলে ১৩টি চারের সাহায্যে ৭৭ রান করে সানীর বলে রাব্বির হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে যান। পারভেজ ৮৯ ও গোলাম মওলা শুন্যরানে ক্রিজে রয়েছেন।

চট্টগ্রামের ইয়াসিন আরাফাত দু’টি, ফয়সাল হোসেন ইলিয়াস সানী ও আহসানুল্লাহ একটি করে উইকেট লাভ করেন।