সত্যিই স্বপ্ন সত্যি হল: ইনজামাম
ছয় সপ্তাহ আগে ভারতের মাটিতে আসার সময় আমি কখনোই কল্পনা করিনি যে সিরিজ শেষে বিশেষ বিমানে করে আমরা দেশে ফিরে যাব এবং সারি সারি অপেক্ষমান জনগণের প্রাণঢালা অভিন্দন পাব। স্বপ্ন পূরণের মতো এ এক অনাবিল অনুভূতি। বললেন পাকিস্তানের সফল অধিনায়ক ইনজামাম।
তিনি বলেন, প্রচুর পরিমাণ প্রশংসা পাচ্ছি সকলের কাছ থেকে এবং আমরা তা সাদরে গ্রহণ করছি। যদিও সিরিজের পূর্বে অনেকে অনেক সমালোচনা করেছিল তবে আমরা তা গায়ে লাগাইনি। কিন্তু এ সব নিয়ে আলোচনা করার এটা সঠিক সময় নয়। এই প্রাপ্তি পাকিস্তান ক্রিকেটের এনে দিয়েছে বিশেষ উৎসব পালনের সুযোগ। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ভারতের বিরুদ্ধে ০-২ ব্যবধানে পিছিয়ে পরেও সিরিজে ফিরে আসা এবং ৪-২ ব্যবধানে সিরিজ জয় আসলেই অসাধারণ। আমি শুধু ধারাবাহিকভাবে পরামর্শ দিয়েছি শাহেদ আফ্রিদি, রানা নাভেদ উল হাসান, শোয়েব মালিক এবং ইউনুস খানকে। বিশ্বাস করেন আমি কখনোই পরিশ্রান্ত বোধ করিনি।
আমি সকলকে বলতে চাই যে, ভারত সফরে পাকিস্তানের টেস্ট সিরিজ ড্র এবং ওয়ান ডে সিরিজ জয় মূলত দলগত প্রচেষ্টার প্রাপ্তি। আমরা দেখিয়েছি পরিশ্রম এবং অধ্যবসায় থাকলে কোন কিছুই অসাধ্য নয়। এটা আসলেই কঠিন কাজ ছিল কারণ একটি অনভিজ্ঞ দল নিয়ে সিরিজ ফেভারিট ভারতের পক্ষে লড়াই করতে হয়েছে আমাদের।
পিছনের দিকে তাকালে বুঝতে পারবেন যে, মোহালিতে কামরান আকমল এবং আব্দুল রাজ্জাকের জুটি আমাদেরকে প্রথম টেস্ট পরাজয় থেকে তুলে আনে। যা সিরিজের একটি তাৎপর্র্যপূর্ণ মুহূর্র্ত্ত। এর মাধ্যমে ছেলেরা প্রমাণ করে যে তারা ভারতকে সামলাতে প্রস্তুত। কলকাতা টেস্টে আমরা পঞ্চম দিনে বাজে ব্যাটিংয়ের কারণে পরাজয় বরণ করি।
ব্যাঙ্গালোরে আমাদের হারানোর কিছুই ছিল না এবং আমরা শুধুমাত্র জয়ের চিন্তা নিয়েই মাঠে নামি। টস জেতাটা আমাদের জন্য ফলপ্রসূ ছিল এবং আমরা বড় স্কোর গড়তে সমর্থ হই। ইউনুস খান দেশবাসী ও দর্শকদের একটি চমৎকার ইনিংস উপহার দিয়ে দলকে সিরিজে ফিরিয়ে আনেন। আমাদের সামনে প্রধান প্রতিবন্ধক হয়ে দাড়ায় বীরেন্দ্র সেওয়াগ। যখন আমরা তৃতীয় টেস্ট ম্যাচের শেষ দিনে সেওয়াগের উইকেটটি তুলে নেই তখনই জয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে যাই। আমি তাদের সাথে এক মত নই যারা ব্যাঙ্গালোর টেস্ট জয়ের পর বলে ছিল ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলার মত শক্তি পাক দলে নেই।
পাকিস্তান দলের প্রতিটি ক্রিকেটার নিজেদের ফিটনেস বজায় রাখতে প্রচন্ড পরিশ্রম করে এবং তার ফল আমাদের সামনেই রয়েছে।
এখন আমাদের মনোবল পূর্বের চেয়ে অনেক বেশি এবং আমি নিশ্চিত ছেলেরা ভারত সফরে যে অভিজ্ঞতা অর্জন করেছে তা দু’সপ্তাহ পর ওয়েস্ট ইন্ডিজ সফরে কাজে লাগাবে।
কিন্তু এখন এসব আলোচনা বর্জন করে আসুন সকলে মিলে আনন্দ ভাগাভাগি করে নেই, বললেন ইনজামাম।
