এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন নিয়ে বুধবার তুর্কমেনিস্তানের নেবিচি ক্লাবের বিরুদ্ধে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হোম ম্যাচ খেলতে নামছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
দেশের অন্যতম ফুটবল শক্তি মুক্তিযোদ্ধা সংসদ নেবিচিকে অ্যাওয়ে ম্যাচে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে। মুক্তিযোদ্ধা এএফসি কাপের প্রথম ম্যাচে কলকাতার ইস্টবেঙ্গলের সাথে গোলশুন্য ড্র করলেও জর্ডানের আল ফয়সালি ক্লাবের কাছে তিন গোলে হেরে যায়।
তিন ম্যাচ শেষে আল ফয়সালি সাত পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে চার পয়েন্ট নিয়ে নেবিচি এবং মুক্তিযোদ্ধা সংসদ রয়েছে দ্বিতীয় স্থানে।
মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছেছে ১৮ সদস্যের নেবিচি এফসি। দলে কর্মকর্তা রয়েছেন চারজন।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নেবিচি দলের ম্যানেজার গ্রেগোরিয়ানস কনস্টানটাইন বলেন,“ আগের ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে এক গোলে হারলেও এখানে আমরা জেতার জন্যই এসেছি।”
নেবিচি ম্যানেজার আরও বলেন,“ যদিও আমরা এখানকার গরম আবহওয়ার মধ্যে খেলতে অভ্যস্ত নই কিন্তু থাইল্যান্ডে আমরা এরকম আবহাওয়ায় খেলে এসেছি। আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে সমস্যা হলেও আমরা জয়ের মাধ্যমে তা কাটিয়ে উঠতে সক্ষম হব।”
মুক্তিযোদ্ধার বেশকয়েকজন খেলোয়াড় মানসম্পন্ন না হলেও শক্তির বিচারে তাদেরকেই এগিয়ে রেখেছেন নেবিচি ম্যানেজার কনস্টানটাইন। তার মতে মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড, মিডফিল্ড এবং ডিফেন্স লাইন একই মানের।
অন্যদিকে নেবিচিকে আগের ম্যাচে হারিয়ে মনোবলের তুঙ্গে থাকা মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক এ ম্যাচেও জয়ের বিকল্প অন্যকিছু ভাবছেন না। নিজেদের মাঠ এবং পরিচিত আবহাওয়ার সুবিধাকে কাজে লাগিয়ে ম্যাচ জয় করার আশাবাদ ব্যক্ত করেছেন মানিক।
মুক্তিযোদ্ধা কোচ বলেন, “ শেষ ম্যাচে নেবিচিকে হারানোয় দেশবাসীর প্রত্যাশা বেড়ে গেছে এবং নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে খেলোয়াড়দের সবধরনের সুযোগ কাজে লাগানো উচিত।”
মুক্তিযোদ্ধা সংসদ ১১ মে পরবর্তী ম্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে এবং ২৫ মে গ্র“পের শেষ ম্যাচে আম্মান ইন্টান্যাশনাল স্টেডিয়ামে আল ফয়সালির সাথে লড়বে।
