বৃষ্টির কারনে স্কুল ক্রিকেটের ছয়টি ম্যাচ বাতিল
দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারনে বৃহস্পতিবার স্ট্যার্ন্ডাড চার্টাড ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেটের সাতটি ম্যাচের মধ্যে ছয়টিই বাতিল হয়ে গেছে।
ধানমন্ডি স্টেডিয়ামে দিনের একমাত্র সংক্ষিপ্ত ওভারের ম্যাচে লরেটো স্কুল ৬৮ রানে হারায় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজকে।
প্রথমে ব্যাট করে লরেটো স্কুল ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। ফাহমিদ আহমেদ দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন ৩৬ বলের মোকাবেলায় চারটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে। এছাড়া এবাদুর রহমান ২৭ ও আব্দুল ওয়াহেদ ২৬ রান করেন। আব্দুর রউফ কলেজের বদরুদ্দোজা ২২ রান দিয়ে দু’টি উইকেট লাভ করেন।
জবাবে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ মাত্র ৮৫ রানে অল আউট হয়ে যায়। সোহেল ১৮, সাদ্দাম হাসেন ১৫ এবং বদরুদ্দোজা ১২ রান করেন। লরেটোর সাদলি তিনটি, ফাহমিদ এবং পলাশ দু’টি করে উইকেট দখল করেন।
