জাতীয় ক্রিকেটে পলাশের বিধ্বংসী বোলিং
জাতীয় ক্রিকেটের সপ্তম রাউন্ডের চারদিনের ম্যাচে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে মঙ্গলবার স্বাগতিক দলের পেসার ওয়াসকুরনী পলাশের বিধ্বংসী বোলিংয়ে রাজশাহী প্রথম ইনিংসে মাত্র ১৮০ রানেই গুটিয়ে যায়। ওয়াসকুরনী হ্যাটট্রিকসহ আট উইকেট লাভ করেন।
জবাবে চট্টগ্রামও তাদের দ্বিতীয় ইনিংসে আট উইকেটে ১৮১ রান করতে সক্ষম হয়েছে। রাজশাহীর সোহরাওয়ার্দী শুভ এবং ফরহাদ হোসেন চট্টগ্রামের সাতটি উইকেট ভাগাভাগি করে নেন। দিনশেষে স্বাগতিকরা ২০৭ রানের লিড নিয়ে ঘরে ফিরেছে। প্রথম ইনিংসে চট্টগ্রামের সংগ্রহ ছিল ২০৬ রান।
বরিশাল স্টেডিয়ামে স্বাগতিকদের প্রথম ইনিংসে ৩৮৪ রানে অল আউট করে দিয়ে খুলনা দিনশেষে চার উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছে। অন্যদিকে সিলেট স্টেডিয়ামে গোলাম রহমানের সেঞ্চুরির কল্যানে সিলেট দিনশেষে ছয় উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করেছে। লিগে এটা গোলাম রহমানের তৃতীয় সেঞ্চুরি।
চট্টগ্রাম বনাম রাজশাহী
আগের দিনের দুই উইকেটে ৮১ রান নিয়ে খেলতে নেমে চট্টলার পেসার ওয়াসকুরনীর বিধ্বংসী বোলিংয়ের মুখে মাত্র ৯৯ রান যোগ করেই নিজেদের প্রথম ইনিংস শেষ করে রাজশাহী। ওয়াসকুরনী পলাশ তার প্রথম ওভারের প্রথম তিন বলে ফরহাদ, নাঈম এবং হাসানুজ্জামানকে ফিরিয়ে দেন। রাজশাহীর পরের তিনটি উইকেট নিয়েও পলাশ রাজশাহীকে ২০০ রানের নীচে বেঁধে ফেললে ২৬ রানের লিড পায় স্বাগতিকরা। পলাশ ১৭ দশমিক ৫ ওভার বল করে ৬৯ রান খরচায় দখল করেন আট উইকেট।
জাতীয় দলের বাদপড়া খেলোয়াড় সানোয়ার হোসেন ৮২ বলে ৪৩ রান করে রাজশাহীর পক্ষে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন।
দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামের ওপেনার মাসুমুদুল্লাহ ১৫০ বলে ১২টি চারের সাহায্যে ৯৫ রানের একটি সাহসী ইনিংস খেলেন। মাসুমুদুল্লাহ ছাড়া চট্টগ্রামের আর কোন ব্যাটসম্যানই রাজশাহীর বোলার শুভ এবং ফরহাদকে প্রতিরোধ করতে সক্ষম হয়নি। শুভ ৬৫ রানে চারটি এবং ফরহাদ ২৬ রানে তিনটি উইকেট লাভ করেন। দিনশেষে ধীমান ঘোষ ১৭ ও ওয়াসকুরনী এক রান নিয়ে ক্রিজে রয়েছেন।
বরিশাল বনাম খুলনা
বরিশাল ২২০/৫ নিয়ে খেলতে নেমে বাকি পাঁচ উইকেট হারিয়ে আরও ১৬৪ রান যোগ করলে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩৮৪। স্বাগতিক দলের টেলএণ্ডার আলী আরমান ১৪৪ বলে অনবদ্য ৭৬ রান করেন। বরিশালের আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান প্রসেনজিত অল্পের জন্য তার প্রথম সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন। প্রসেনজিত ৯৩ রানে আউট হন। নাদিফ চৌধুরী করেন ৯০ রান।
আব্দুর রাজ্জাক চারটি এবং আশরাফুল হক দু’টি উইকেট নেন। খুলনার ইনিংসে হাবিবুল বাশার শুন্য রানে সাজঘরে ফিরলেও ওপেনার শফিউল ইসলাম করেন দলীয় সর্বোচ্চ ২৪। দিনশেষে মাঞ্জারুল ইসলাম রানা ১৬ এবং জামালউদ্দিন পাঁচ রানে অপরাজিত রয়েছেন।
ঢাকা বনাম সিলেট
ঢাকা -- সিলেটের ম্যাচের প্রথম দিনটি বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় দিনের খেলা নির্বিঘেœই সম্পন্ন হয়েছে। দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ছয় উইকেটে ২৬৯। পাঁচ রান নিয়ে ক্রিজে রয়েছেন গোলাম মওলা।
সকালে স্কোর বোর্ডে ১০ রান উঠতেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে সিলেট। ওপেনার গোলাম রহমান হিমেল ৩৩৬ বলে ১১৬ রানের একটি ধৈর্য্যশীল ইনিংস খেলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। তৃতীয় উইকেট জুটিতে সৈয়দ পারভেজকে সাথে নিয়ে হিমেল ৯২ রান যোগ করেন। পারভেজ ৩৫ রান করেন। এরপর অধিনায়ক অলোক কাপালীর সাথে আরেকটি ৯০ রানের পার্টনারশীপ গড়েন হিমেল, কাপালী করেন ৫৪ রান।
ঢাকার মোহাম্মদ আশরাফুল এবং তালহা জুবায়ের দু’টি করে উইকেট লাভ করেন।
