২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার থেকে শুরু হচ্ছে স্বাধীনতা দিবস গোল্ড কাপ ফুটবল

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হচ্ছে স্বাধীনতা দিবস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 08:19 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

উদ্বোধনী দিনে বিকাল চারটায় প্রথম খেলায় মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আরামবাগ ক্রীড়া সংঘ। এছাড়া সন্ধ্যা ছ’টায় মাঠে নামবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং শেখ রাসেল ক্রীড়া চক্র।

মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই টুর্নামেন্টের আয়োজন করছে।

বৃহস্পতিবার স্থানীয় এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘ আগামী বছর থেকে আমরা বিদেশী দল নিয়ে আরও বড় আকারে এই টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করব।’

বাফুফে সহ-সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু, আব্দুর রহিম, মুনীর আহমেদ, সাধারন সম্পাদক আনোয়ারুল হক হেলাল, সহ সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন মালু, ট্রেজারার শাহ আলম চ্যেধুরী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট সম্পাদক মঞ্জুর হোসেন মালু বলেন,“ প্রতিবছর নিয়মিতভাবে এই প্রতিযোগিতা আয়োজন করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাথে শীগগিরই একটি চুক্তি স্বাক্ষর করবে।”

প্রতিযোগিতার উদ্বোধন করবেন পানিসম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সমাপনী দিনে পুরষ্কার বিতরণ করবেন।

প্রতিযোগিতার সেমিফাইনাল এবং ফাইনালের আগে দু’টি প্রীতি ম্যাচও আয়োজন করা হবে। ২৮ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে ৩০ মিনিট ব্যাপী একটি প্রীতি ম্যাচে অংশ নেবে মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য এবং স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা। এছাড়া ২৫ মার্চ সেমিফাইনালের আগে আরেকটি প্রীতি ম্যাচে মাঠে নামবে রূপালী জগতের তারকা এবং সাংবাদিকরা।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল দুই লাখ টাকা এবং রেপ্লিকা ট্রফি পাবে। অন্যদিকে রানার আপ দল পাবে একলাখ টাকা এবং ট্রফি। এাছাড়া অংশগ্রহনকারী প্রত্যেকটি দল পঞ্চাশ হাজার টাকা করে পাবে। পুরষ্কারের অর্থ ছাড়াও  টুর্নামেন্টের যাবতীয় ব্যয় বহন করবে মন্ত্রণালয়।

প্রিমিয়ার লিগের ছয়টি, প্রথম বিভাগ লিগের চ্যাম্পিয়ন ও রানার আপসহ মোট আটটি দল প্রতিযোগিতায় দু’টি গ্র“পে ভাগ হয়ে লড়াই করবে।

দুই গ্র“পের শীর্ষ দু’টি দল সেমিফাইনালে খেলবে। প্রতিযোগিতার টিকিটের মুল্য নির্ধারন করা হয়েছে গ্যালারী ২০ এবং ভিআইপির জন্য ৫০ টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত বাফুফে কর্মকর্তা, ক্রীড়া সাংবাদিক এবং ফটো সাংবাদিকরা সম্প্রতি মৃত্যুবরণকারী হকি ফেডারেশনের যুগ্ন সম্পাদক জাহিদুর রহমান পুশকিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে।