লারাসহ সাত খেলোয়াড়ের ভাগ্য নির্ধারন হবে বৃহস্পতিবার
স্পনসর নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে লারাসহ সাত খেলোয়াড়ের বিরোধ নিস্পত্তির একটা সম্ভাবনা দেখা দিয়েছে। ক্যারিবিয়ান ক্রিকেট কর্তাব্যক্তিরা আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত দশটায় ( ১৬০০ জিএমটি) খেলোয়াড়দের ভাগ্য নির্ধারন করবেন। খবর বার্তা সংস্থার।
‘কেবল এন্ড ওয়ারলেস’ এর সাথে খেলোয়াড়দের ব্যাক্তিগত স্পনসর চুক্তির বিষয়ে আইনজীবিদের পরামর্শের জন্য নির্বাচকরা আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করবেন বলে জানা গেছে। যদি দলের নতুন স্পনসর ডিজিসেলের সাথে চুক্তি নিয়ে কোন ঝামেলা না থাকে তাহলে দক্ষিন আফ্রিকার সাথে ৩১ মার্চ থেকে শুরু হওয়া প্রথম টেস্টে অংশ নেয়ায় খেলোয়াড়দের আর কোন বাধা থাকবেনা। আগামী ২৫ মার্চ সিরিজ খেলতে ক্যারিবিয়ানে পা রাখবে প্রোটিয়াসরা।
লারার সাথে অন্য বিবদমান খেলোয়াড়রা হলেন- রামনরেশ সারওয়ান, ক্রিস গেইল, ফিডেল এডোর্য়াডস, ডিওয়েন ব্রাভো, ডিওয়েন স্মিথ এবং রবি রামপাল। ট্রেনিং ক্যাম্পে থাকা ২২ জনের দল থেকে ইতিমধ্যে বাদ পড়েছেন এই সাত জন ।
বর্তমান স্পনসর ডিজিসেলের সাথে চুক্তির আগেই গত বছরের স্পনসর ‘কেবল এন্ড ওয়ারলেস’ খেলোয়াড়দের সাথে ব্যাক্তিগত চুক্তি করে।
খেলোয়াড়দের ব্যাক্তিগত চুক্তি ডিজিসেলের চুক্তির উপর কোন প্রভাব ফেলবেনা - আইনজীবিরা যতক্ষন না এই কথা বলছেন ততক্ষন দল গঠনে উক্ত সাত খেলোয়াড় বিবেচনায় আসবেনা বলে জানিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
