২০০৭ সালের মধ্যে তৈরি হতে যাচ্ছে আইসিসির নিজস্ব ভবন
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগস্ট মাসে তাদের হেডকোয়ার্টার লন্ডন থেকে পরিবর্তন করে দুবাই মিডিয়া সিটিতে স্থাপন করতে যাচ্ছে। ২০০৭ সালে স্পোটস সিটি কমপ্লেক্সে আইসিসি পাচ্ছে তাদের নিজস্ব ভবন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
আইসিসির সাথে ঘনিষ্ট একটি সূত্র আইএএনকে বলেন, “ আমরা দুই বছর মিডিয়া সিটিতে থাকবো। যতক্ষণ পর্যন্তঅভিজাত দুবাই স্পোটস সিটিতে আইসিসির নিজস্ব ভবন তৈরি না হচ্ছে, ততদিন দুবাইয়ের মিডিয়া সিটিতে হেডকোয়ার্টার থাকবে।”
স্পোটস সিটি বিশ্বের প্রথম বহুমুখী খেলাধুলা বিষয়ক স্থান যা দুবাইয়ে তৈরি হচ্ছে। তার সাথে আরো তৈরি হচ্ছে আইসিসির গ্লোবাল ক্রিকেট একাডেমী যা একই সাথে উদ্বোধন হবে ২০০৭ সালে। এর ফলে একই স্থানে আইসিসির সকল অফিস স্থাপিত হতে যাচ্ছে।
মিডিয়া সিটিতে আইসিসির জন্য বরাদ্দকৃত জায়গার কোন অভাব নেই। প্রায় ৮২০০ স্কয়ার ফিট জায়গার একটি সম্পুর্ণ ফ্লোরে স্থাপিত হতে যাচ্ছে আইসিসি অফিস।
বর্তমানে আইসিসির অফিস বিশ্বের তিন স্থানে ছড়িয়ে রয়েছে। আইসিসির অপ্রতুল হেডঅফিসটি ক্লক টাউনের লর্ডস ক্রিকেট মাঠে অবস্থিত। যা প্রধানত বাণিজ্যিক এলাকা। আইসিসি ডেভলপমেন্ট লিমিটেড মনাকোতে অবস্থিত।
লর্ডসে ৯৫ বছর থাকার পর কিছু দিন আগে আইসিসি লন্ডন থেকে অফিস পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়।
১৯০৯ সালের ১৫ জুন মাসে আইসিসি স্থাপিত হয় এবং সময়ের সাথে সাথে নাম বদলে এর কার্যক্রম চলতে থাকে। বর্তমান নামটি দেয়া হয় ১৯৮৯ সালে।
