২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি কাপে খেলার জন্য মুক্তিযোদ্ধা সংসদ এখন কলকাতায়

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপের অ্যাওয়ে ম্যাচে কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাবের বিরুদ্ধে খেলার জন্য মুক্তিযোদ্ধা সংসদ সোমবার কলকাতায় পৌঁছেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 07:24 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

৯ মার্চ কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে দুদল মুখামুখি হবে। ভারতের তারা টিভি খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

কলকাতায় পৌঁছে মুক্তিযোদ্ধা সংসদের কোচ মানিক বিডিনিউজ’র প্রতিনিধিকে বলেন,“ জয়ের লক্ষ্যেই আমরা মাঠে নামব, তবে ড্র করতে পারলেও আমরা খুশি। ভারতের জাতীয় চ্যাম্পিয়নকে হারানো সহজ হবে না। তারপরও আমরা যথাসাধ্য চেষ্টা করব।”

দলের বর্তমান অবস্থা সম্পর্কে মানিক বলেন,“ তিনজন খেলোয়াড় মামুন, ইকবাল এবং রাফায়েল ইনজুরিতে রয়েছে। এছাড়া গত অক্টোবর থেকে দল মাঠের বাইরে।”

মুলত দুই বিদেশী ঘানার ঘানসা এবং রুয়ান্ডার হ্যারীর উপর দল অনেকটাই নির্ভরশীল বলে জানালেন মানিক।

প্রতিপক্ষ দল সম্পর্কে মানিক বলেন,“ আমরা জানি ইষ্ট বেঙ্গল শুধু ভালো দলই নয় , তাদের মূল খেলোয়াড় বাইচুং ভুটিয়া ফর্মে রয়েছে এবং প্রতি ম্যাচেই গোল করছে, সুতরাং   তাকে থামানোই হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য। ম্যাচ ড্র করতে পারলেই আমরা খুশি।”

ইষ্ট বেঙ্গলের কোচ অবশ্য বলছেন ভিন্ন কথা। কোচ সুভাষ ভৌমিক মনে করেন, নিজেদের মাঠে খেলতে হবে বলে তার দল চাপের মধ্যে থাকবে।

ভৌমিক বলেন,“ গত বছর আমরা আইএফএ শিল্ডে মুক্তিযোদ্ধাকে পরাজিত করেছিলাম। কিন্তু সেটা অতিত হয়ে গেছে। আমি সব সময় বর্তমান এবং ভবিষ্যতে বিশ্বাস করি।”

ভৌমিক অবশ্য ম্যাচ থেকে পুরো পয়েন্টই আশা করছেন।