২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট লিগে চট্টগ্রাম, ঢাকা ও বরিশাল সুবিদাজনক স্থানে

ইস্পাহানি ষষ্ঠ জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচের প্রথম দিন চট্টগ্রাম, ঢাকা এবং বরিশাল সুবিধাজনক স্থানে রয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2005, 09:28 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক দল এহসানুল হকের অপরাজিত ১০৭ রানে ভর করে খুলনার বিরুদ্ধে দিনশেষে ৩২৭ রানের পাহাড় গড়ে তুলেছে।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহীর বিরুদ্ধে ঢাকা দিন শেষে ১০৭ রান তুলেছে পাঁচ উইকেট হারিয়ে।

বরিশাল স্টেডিয়ামে নাদিফ চৌধুরীরর পাঁচ উইকেটের কল্যাণে বরিশাল ৮৬ ওভারে ২০২ রানে সিলেটকে অল আউট করে দিলেও নিজেরা ব্যাটিংয়ে নেমে  প্রথম দিন শেষে কোন রান না করেই এক উইকেট হারিয়েছে।

চট্টগ্রাম বনাম খুলনা

টস জিতে চট্টগ্রাম দলের অধিনায়ক এহসানুল হক ২০৭ বলে ১৩টি বাউন্ডারির মাধ্যমে ১০৭ রান করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন।

অধিনায়ক চতুর্থ এবং পঞ্চম উইকেট জুটিতে দু’টি শতরানের পার্টনারশীপ গড়ে তোলেন। চতুর্থ উইকেট জুটিতে নাজিমুদ্দিনকে সাথে নিয়ে এহসান ১৩০ রান  আর পঞ্চম উইকেট জুটিতে ফয়সাল হোসেন ডিকেন্সের সাথে ১০৮ রান যোগ করেন। নাজিমুদ্দিন ১৪৬ বল খেলে ১৩টি চারের সাহায্যে চমৎকার ৭৪ রান করেন। অন্যদিকে ডিকেন্স ৬৬ বলে ১২টি চার এবং একটি ছয়ের মাধ্যমে ৮৯ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেন।

দিনশেষে এহসানুলের সাথে আট রান নিয়ে ক্রিজে রয়েছেন ইলিয়াস সানী।

সংক্ষিপ্ত স্কোর: চট্টগ্রাম ( প্রথম ইনিংস- ৯০ ওভারে ৩২৭/৫)- এহসানুল অপরাজিত ১০৭, নাজিমুদ্দিন ৭৪, ডিকেন্স ৬৬, মাহমুদউল্লাহ ২৪, তামিম ইকবাল ১৮, ডলার মাহমুদ ২/২৭, জামালউদ্দিন ১/৬৯, এবং জিয়াউর রহমান ১/৭০।

ঢাকা বনাম রাজশাহী

নিয়মিত অধিনায়ক খালেদ মাসুদকে ছাড়া খেলতে নেমে রাজশাহী চা বিরতির আগেই ১৪০ রানে অল আউট হয়ে যায়। তবে প্রথম দিন অতিথি ঢাকাও সুবিধা করতে পারেনি। ঢাকা দিনশেষে পাঁচ উইকেট হারিয়ে ১০৭ রান করতে সক্ষম হয়েছে।

ভারপ্রাপ্ত অধিনায়ক হাসানুজ্জামান ৩৮, ওপেনার জহিরুল ইসলাম ৩৬, ফরহাদ রেজা ২৫, এবং নাঈম ইসলাম ২৫ রান করেন।

স্পিনার আরাফাত সানী এবং পেসার নিয়াজ মোরশেদ তিনটি করে উইকেট লাভ করেন।

ব্যাটিংয়ে নেমে ঢাকাও রাজশাহীর পথ অনুসরন করে মাত্র ৪০ রানের মধ্যে চার উইকেট খুইয়ে ফেলে। তবে আনোয়ার হোসেন এবং অধিনায়ক খালেদ মাহমুদ ৪৩ রানের জুটি গড়ে ইনিংস মেরামত করার চেষ্টা করেন। খালেদ মাহমুদ ৩২ বলে ৩৯ রান করে আউট হয়ে গেলেও আনোয়ার ১১ রান করে অপরাজিত রয়ে গেছেন।

রাজশাহীর আলমগীর হোসেন ৩৩ রানে চার উইকেট দখল করে ঢাকার ইনিংসের বিপর্যয় ঘটান।

সংক্ষিপ্ত স্কোর: রাজশাহী (প্রথম ইনিংসে ৫৮ ওভারে ১৪০/১০) হাসানুজ্জামান ৩৮, জহিরুল ৩৬, ফরহাদ ২৫, নাঈম ২৫,  আরাফাত ৩/১৫, নিয়াজ ৩/২৩, দ্বিপরাজ ২/২৩, এবং আশরাফুল ২/৪৬।

ঢাকা: (প্রথম ইনিংসে ৩০ ওভারে ১০৭/৫) মাহমুদ ৩৯, নিয়ামুর রশিদ অপরাজিত ১৯, মেহরাব জুনিয়র ১৯, মেহরাব সিনিয়র ২, আলমগীর ৪/৩৩।

সিলেট বনাম বরিশাল

হাসিবুল হোসেন বাবেল এবং রেজানুল আহমেদের দু’টি চল্লিশ রানের ইনিংস সিলেটকে ২০০ রানের কোঠা পেরোতে সাহায্য করে। এছাড়া ওয়ান ডাউন নুরুজ্জামান ৩২ এবং গোলাম মাহবুব শিশির ২৩ রান করেন।

ভয়ংকর বোলিং প্রদর্শনী করে বরিশালের নাদিফ চৌধুরী মাত্র ৩৪ রান খরচায় তুলে নেন সিলেটের পাঁচটি উইকেট। এর আগে ইশরাক সনেট প্রথম সারির তিনটি এবং শাহনেওয়াজ দু’টি উইকেট নিয়ে সিলেটের ইনিংসের ধ্বংসের সূচনা করেন।

দিনশেষে বরিশাল ওপেনার তারিকুল ইসলামের উইকেট হারিয়ে কোন রান করতে ব্যর্থ হয়েছে।

সংক্ষিপ্ত স্কোর: সিলেট (প্রথম ইনিংসে ৮৬ ওভারে ২০২/১০) ইজাজ ৪৪, হাসিবুল ৪০, নুরুজ্জামান ৩২, মাহ৯বুব ২৩, তান্না ১৩, অতিরিক্ত ১৩, নাদিফ ৫/৩৪, সনেট ৩/৫৫ এবং শাহনেওয়াজ ২/৪৪।

বরিশাল (প্রথম ইনিংসে ১.৫ ওভারে ০/১) তারিকুল ০, নাসিরুদ্দিন অপরাজিত ০।