দুলিপ ট্রফিতে আরেকটি পরাজয়ের মুখে বিসিবি
ভারতে দুলিপ ট্রফিতে পূর্বাঞ্চলের পর মধ্যাঞ্চলের সাথেও পরাজয়ের মুখে বিসিবি একাদশ। দিল¬ীর কার্নাইল সিং স্টেডিয়ামে সফররত বিসিবি একাদশ বুধবার ম্যাচের দ্বিতীয় দিন ছয় উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ১১৭ রান করতে সক্ষম হয়েছে ।
মধ্যাঞ্চল আগের দিনের তিন উইকেটে ২৪৮ রান নিয়ে খেলতে নেমে আজ ৯৭ রান যোগ করে ৩৫১ রানের পাহাড় গড়ে তোলে। আব্বাস আলী ১২২ এবং বুন্দেলা ৮৩ রান করেন।
বাংলাদেশের বোলাররা বুধবার তাদের ছন্দ ফিরে পান এবং মাত্র ৯৭ রানের মধ্যেই মধ্যাঞ্চলের সাত উইকেট তুলে নেন। পেসার আনোয়ার হোসেন মনির এবং তালহা জুবায়ের চারটি করে উইকেট দখল করেন।
মধ্যাঞ্চলের রান তাড়া করতে নেমে স্কোর বোর্ডে কোন রান জমা না হতেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে বিসিবি একাদশ। এরপর আফতাব আহমেদ এবং অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মুল্যবান ৫২ রান করে দলকে প্রাথমিক ধ্বংসস্তুপ থেকে টেনে তোলার চেষ্টা করেন। আফতাব ৪১ বলের মোকাবেলায় ১৮ রান এবং আশরাফুল ২৪ বলে করেন ৩০ রান। দিনশেষে মাঞ্জারুল ইসলাম রানা এবং আব্দুর রাজ্জাক যথাক্রমে ৩২ ও চার রানে অপরাজিত রয়েছেন।
মধ্যাঞ্চলের অধিনায়ক যাদব ২৯ রানে তিনটি এবং হারবিন্দর সিং, শ্রীবাস্তব ও মুরালি কার্তিক একটি করে উইকেট লাভ করেন।
আগের ম্যাচে বিসিবি একাদশ পূর্বাঞ্চলের বিরুদ্ধে এক ইনিংস এবং ১৪৯ রানে পরাজিত হয়েছিল।
