২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ক্রিকেট লিগে পারটেক্সের নবম জয়

প্রথম বিভাগ ক্রিকেট লিগে পারটেক্স স্পোর্টিং ক্লাব নবম জয় পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে বৃহস্পতিবার পারটেক্স ৮৫ রানে হারিয়েছে লালমাটিয়া ক্লাবকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

দিনের অন্যান্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ৫১ রানে ঢাকা মেরিনার ইয়ংস ক্লাবকে এবং ক্রিকেট কোচিং স্কুল তিন উইকেটে ধানমন্ডি ক্লাবকে হারায়।

জগন্নাথ হল মাঠে প্রথম ব্যাট করে পারটেক্স শাকিলের অনবদ্য সেঞ্চুরিতে ছয় উইকেটে ২৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। শাকিল ১৪৬ বলে ১০৮ রান করেন। এছাড়া নিরালা ৭৬ রান করেন। লালমাটিয়ার হাসু ৪২ রানে তিন উইকেট দখল করেন।

জবাবে লালমাটিয়া আট উইকেট খুইয়ে ১৯০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন বাপ্পি। বিজয়ী দলের মিলন ১২ রানে তিন উইকেট লাভ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে প্রথম ব্যাট করে ওয়ান্ডারার্স ২৭১ রানে অল আউট হয়। বাবলু ১০৫ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন। এছাড়া সাবু ৭৯ রান করেন। জবাবে মেরিনার ২২০ রানে অল আউট হয়ে যায়। রাব্বি ৭০ রান করেন। ওয়ান্ডারার্সের বাবু ৩৫ রানে এবং ফজলু ৩৮ রানে তিনটি করে উইকেট লাভ করেন।

সিটি ক্লাব মাঠে দিনের অপর খেলায় ধানমন্ডি ক্লাব প্রথম ব্যাট করে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৬ করে। রাজিব ৪১ রান করেন। রাশেদুল ২১ রানে চার উইকেট তুলে নেন। জবাবে ক্রিকেট কোচিং স্কুল ৪৭ ওভারে সাত উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে অমিত মজুমদার ৩৭ এবং ইয়াসিন ৩০ রান করেন।