অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাই লড়ছেন হার্শেল গিভস
সফরকারী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সকালে অস্ট্রেলিয়ান বোলাররা দারুন বোলিং নৈপূণ্য দেখিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে গড়া ৩৫৫ রানের জবাবে মধ্যাহ্ন ভোজের আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ পাঁচ উইকেটে ২২৬ রান।
এই সেশনে প্রোটিয়াস ব্যাটসম্যানরা ২৯ ওভার ব্যাটিং করে তিন উইকেট হারিয়ে পূর্বের দিনের ১৬৯ রানের সাথে আরও ৫৭ রান যোগ করেছে। তবে ব্যতিক্রমী ছিলেন প্রোটিয়াস ব্যাটসম্যান হার্শেল গিভস। তিনি ৮০ রান করে অপরাজিত রয়েছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
অসি ফাস্ট বোলার ব্রেট লী’র গতিময় বলের কাছে নত হয়েছেন প্রোটিয়াস অলরাউন্ডার জ্যাক ক্যালিস। লী’র একটি ওভারে প্রথমে বল আঘাত হানে ক্যালিসের হেলমেটে এবং এর পরে একটি দর্শণীয় ইয়কার বলে ক্যালিসকে বোল্ড করে দেন। আউট হওয়ার আগে ক্যালিস ব্যক্তিগত ২৩ রান করেন।
মধ্যাহ্ন ভোজ বিরতির আগে অসি অধিনায়ক ব্রেট লী’র হাতে নতুন বল তুলে দেন। নতুন বল হাতে লী প্রথমে ফিরিয়ে দেন প্রোটিয়াসদের পক্ষে প্রথম টেস্টের নায়ক জ্যাক রুডোল্ফকে।
অপর দিকে অসি লেগস্পিনার শেন ওয়ার্ন ফিরিয়ে দেন এ্যাশওয়েল প্রিন্সকে। ওয়ার্নের বলে পন্টিংয়ের হাতে ক্যাচ তুলে দেন প্রিন্স।
তবে দক্ষিণ আফ্রিকাকে আশার আলো দেখানোর জন্য ক্রিজে লড়াই চালাচ্ছেন প্রোটিয়াস ব্যাটসম্যান হার্শেল গিভস। দ্বিতীয় দিনেও তিনি যেভাবে ব্যাটিং করেছেন তৃতীয় দিনে তা বজায় রেখেছেন। ওয়ার্ন এবং স্টুয়াট ম্যাকগিলকে তিনি ভালই মোকাবেলা করেছেন।
মধ্যাহ্ন ভোজের আগ পর্যন্ত ক্রিজে রয়েছেন হার্শেল গিভস এবং উইকেটকিপার মার্ক বাউচার।
