পাক-ভারত সিরিজ উপলক্ষে ৮,০০০ দর্শকের ভিসার অনুমতি দিবে পাকিস্তান
পাকিস্তান সরকার ভারতীয় দলের আসন্ন পাকিস্তান সফরের জন্য প্রায় ৮,০০০ ভারতীয় দর্শকের ভিসার অনুমতি দিবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা।
স্বরাষ্ট্র সচিব সাঈদ কামাল শাহের নেতৃত্বে ক্রিকেট ভিসার বিষয়টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ভিসার মেয়াদ প্রতি টেস্ট ম্যাচের জন্য আট দিন এবং প্রতি ওয়ান ডে ম্যাচের জন্য তিন দিন।
তবে সাংবাদিক, টিভি সম্প্রচারকারী, বিজ্ঞাপন সংস্থা এবং ক্যামেরাম্যানদের ভিসার মেয়াদ পিসিবি’র মাধ্যমে জানানো হবে বলে জানা যায়।
সভায় উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রেসিডেন্ট শাহরিয়ার খান এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কামার জামান। এছাড়া অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ভারতীয় দল পাকিস্তান সফরে তিনটি টেস্ট এবং পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে। প্রথম টেস্ট শুরু হবে লাহোরে ১৪ জানুয়ারি।
ইন্টারনেটের মাধ্যমে পাকিস্তানি এবং ভারতীয় দর্শকদের জন্য টিকিট বিক্রি করবে পিসিবি।
