জেএফএ কাপ ফুটবলের আঞ্চলিক ফাইনালে আরও সাত দল
জেএফএ কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আরও সাত দল। দেশের বিভিন্ন ভেন্যুতে রোববার নিজ নিজ প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ী হয়ে আঞ্চলিক ফাইনাল নিশ্চিত করে গাইবান্ধা, রাঙ্গামাটি, সাতক্ষীরা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, বাগেরহাট এবং বিকেএসপি।
গাইবান্ধা স্টেডিয়ামে স্বাগতিক দল ৪--১ গোলে পঞ্চগড়কে হারায়। বিজয়ী দলের মাহমুদুল কবির হ্যাটট্রিকসহ একাই চার গোল করেন। পঞ্চগড়ের পক্ষে একটি গোল পরিশোধ করেন মুক্তার।
রাঙ্গামাটি নিজেদের মাঠে ৩--০ গোলে হারিয়েছে খাগড়াছড়িকে। রাঙ্গামাটির পক্ষে জ্ঞানো চাকমা দু’টি এবং ভানু চাকমা একটি গোল করেন।
সাতক্ষীরা স্টেডিয়ামে যশোর শিক্ষা বোর্ডকে ২--১ গোলে হারিয়েছে সাতক্ষীরা। সাতক্ষীরার সাহাবুদ্দিন দু’টি গোল করেন। প্রতিপক্ষের কামাল হোসেন একটি গোল করেন।
টাঙ্গাইল স্টেডিয়ামে কিশোরগঞ্জের বিরুদ্ধে ৬--১ গোলের বড় জয় পেয়েছে টাঙ্গাইল। বিজয়ী দলের শরিফুল ইসলাম দু’টি, সাব্বির, রফিক, আতিকুল ও মারুফ একটি করে গোল করেন।
মানিকগঞ্জ স্টেডিয়ামে স্বাগতিক দল ২--১ গোলে জয় পেয়েছে ফরিদপুরের বিরুদ্ধে। স্বাগতিক দলের আবীর ও পিন্টু একটি করে গোল করেন। ফরিদপুরের পক্ষে একটি গোল পরিশোধ করেন মোশাররফ হোসেন।
বাগেরহাট স্টেডিয়ামে নড়াইলকে ৪--০ গোলে হারিয়েছে বাগেরহাট। বিজয়ী দলের মঈনুদ্দিন ও তানভীর দু’টি করে গোল করেন।
কুড়িগ্রাম স্টেডিয়ামে বিকেএসপি একমাত্র গোলে হারিয়েছে নীলফামারীকে। বিজয়ী দলের মাজহারউদ্দিন গুরুত্বপূর্ন গোলটি করেন।
মঙ্গলবার আঞ্চলিক ফাইনালে গাইবান্ধা ঠাকুরগাঁওয়ের বিরুদ্ধে, রাঙ্গামাটি চট্টগ্রামের বিরুদ্ধে, সাতক্ষীরা ঝিনাইদহের বিরুদ্ধে, টাঙ্গাইল গাজীপুরের বিরুদ্ধে, মানিকগঞ্জ ঢাকার বিরুদ্ধে এবং বাগেরহাট খুলনার বিরুদ্ধে খেলবে।
বগুড়া এবং কুড়িগ্রামের ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে বুধবার অপর ফাইনাল খেলবে বিকেএসপি।
