২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবল লিগের দ্বিতীয় হ্যাটট্রিক করলেন মুক্তিযোদ্ধার ওকলো

নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগে শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওদাকা ওকলো’র অনবদ্য হ্যাটট্রিকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া ৪--০ গোলে হারিয়েছে রাঙ্গামাটি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। এর আগে খুলনা পর্বের খেলায় আবাহনীর স্ট্রাইকার বুলবুল ফেনী সকার ক্লাবের বিপক্ষে লিগের প্রথম হ্যাটট্রিক করেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 08:12 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

আগেই সুপার লিগ নিশ্চিত করা মুক্তিযোদ্ধা চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে বি গ্র“পের রানার্স আপ হয়ে সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করলো। সমানসংখ্যক ম্যাচে দশ পয়েন্ট নিয়ে গ্র“প চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। এই গ্র“প থেকে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবও সাত পয়েন্ট নিয়ে সুপার লিগে উঠে গেছে।

দিনের অপর ম্যাচে এ গ্র“প থেকে মুন্সীগঞ্জ সমাবেশ ক্লাব ১--০ গোলে জামালপুর কাচারীপাড়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে সুপার লিগে উঠেছে। বিজয়ী দলের মনির হোসেন ৮০ মিনিটে একমাত্র গোলটি করেন। এই গ্র“প থেকে এর আগে সুপার লিগ নিশ্চিত করেছে সেনাবাহিনী এবং ব্রাদার্স ইউনিয়ন।

ম্যাচে ওকলো ছাড়াও মুক্তির পক্ষে অন্য গোলটি করেন উইংগার আমিন রানা। ম্যাচের আগাগোড়াই মুক্তিযোদ্ধার প্রাধান্য বজায় থাকলেও প্রথম গোলের জন্য তাদের ৫৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।

এর আগে ৪০ মিনিটে অবশ্য একবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মুক্তিযোদ্ধা। কিন্তু জেরিমিয়াহ’র শটটি রাঙ্গামাটি মোহামেডানের গোলবার ছুঁয়ে বাইরে চলে যায়।

 ৫৯ মিনিটে মুক্তিযোদ্ধার পক্ষে গোলের সূচনা করেন আমিন রানা। বাঁ প্রান্ত থেকে মুক্তির তানভীরের ক্রসটি ক্লিয়ার করতে ব্যর্থ হন মোহামেডানের গোলরক্ষক তোয়ান। অরক্ষিত অবস্থায় দাঁড়িয়ে থাকা আমিন রানা হেডের মাধ্যমে জালে বল পাঠাতে ভুল করেননি।

দশ মিনিট পর গোলসংখ্যা বাড়ান ওকলো। সাইফুলের ব্যাক হিল থেকে বল পেয়ে মাটি কামড়ানো শটে গোল করেন এই আফ্রিকান স্ট্রাইকার। চার মিনিট পর নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটিও করেন ওদাকা। নিজেদের সীমানা থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে জেরিমিয়াহ চার ফুটবলারকে কাটিয়ে প্রতিপক্ষের সীমানার মধ্যে ওদাকার উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন। তা থেকে গোল করে দলকে লিড এনে দেন ওদাকা।

ইনজুরি সময়ে বাঁ প্রান্ত থেকে ওদাকার তীব্র শটটি মোহামেডানের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়িয়ে গেলে হ্যাটট্রিক পূরণ হয় তার।