২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে নাটকীয় জয় পেল ইংল্যান্ড

হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইংল্যান্ড দলের জন্য একটা জয় যেন আরাধ্য বস্তুতে পরিণত হয়েছিল। রাওয়ালপিন্ডিতে অবশেষে সেই অতি আরাধ্য জয়ের দেখা পেল অ্যাশেজ জয়ী ইংল্যান্ড। বুধবার পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নাটকীয়ভাবে ছয় রানের জয় পেয়েছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 09:27 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

টেস্ট এবং ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলায় শেষ জয়টা পাকিস্তানের যতটা দরকার ছিল তার চাইতে বেশি দরকার ছিল ইংল্যান্ডের। কারণ পাকিস্তান সফরে এসে পরাজয়ের বৃত্তের মধ্যে আটকে যাওয়ায় কিছুদিন আগে তাদের অ্যাশেজ জয়টা প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল।

রাওয়ালপিন্ডতে আগের ম্যাচেও বোলারদের দাপট ছিল, এই ম্যাচেই তার পুনরাবৃত্তি হলো। টস জিতে ইংল্যান্ড অধিনায়ক ট্রেসকোথিক প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু মাঠে নিজের সিদ্ধান্তে নিজেই বোকা বনে যান তিনি। কারণ স্কোর বোর্ডে যখন ২১ রান লেখা তার পাশে উইকেট পতনের জায়গায় লেখা দুই।

ইংলিশদের স্বস্তিটা তখন থেকেই উবে গিয়েছিল। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়ালে আবারও লজ্জা থেকে বেঁচে যায় ইংলিশরা। দলের সর্বোচ্চ ৪৯ রানের ইনিংসটিও আসে মিডল অর্ডার ব্যাটসম্যান বিক্রম সোলাঙ্কির ব্যাট থেকে। এছাড়া অ্যান্ড্রু স্ট্রস ২৬, ফ্লিনটফ ৩৯, কলিংউড ৩৩ এবং শেষ দিকে প্লাংকেট অপরাজিত ২৪ রান করে দলের বোলারদের লড়াই করার মত রসদ যোগানোর চেষ্টা করেছেন। ইংল্যান্ডের ছয় ব্যাটসম্যান দুই অংকের রানের কোটাই পেরোতে পারেননি। শেষ পর্যন্ত অবশ্য ৫০ ওভারে নয় উইকেটে সংগ্রহ করা ২০৬ রানকেই জয়ের জন্য যথেষ্ট প্রমান করে তারা। 

পাকিস্তানের সূচনাটাও ছিল ইংল্যান্ডের মত। কাকতালীয়ভাবে ইংল্যান্ডের মতই ২১ রানে দুই উইকেট হারায় স্বাগতিকরা। ফিরে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট এবং কামরান আকমল। কিন্তু এরপর তৃতীয় উইকেট জুটিতে ইয়াসির হামিদ এবং মোহাম্মদ ইউসুফ ১০১ রান করে জয় প্রায় বের করে নিচ্ছিলেন। 

দুজনই অর্ধশতক পূরণ করলেও পরের দিকের ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে যোগ দেয়ায় সহজ টার্গেটকে কঠিন করে ম্যাচ হারে স্বাগতিকরা। ইয়াসির হামিদ সর্বোচ্চ ৫৭ এবং মোহাম্মদ ইউসুফ ৫৪ রান করেন। ইংল্যান্ডের মত পাকিস্তানও নয় উইকেট হারালেও তাদের চাইতে ছয় রান কম করে।

পাকিস্তান দলের পাঁচ ব্যাটসম্যান দুই অংকের রান করতে সক্ষম হননি।

৪৮ রানে চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের পেসার জেমস এন্ডারসন। তবে পুরো ওয়ানডে সিরিজে ধারাবাহিকভাবে রানের মধ্যে থাকা পাকিস্তানের উইকেটরক্ষক কামরান আকমল হয়েছেন ম্যান অব দ্য সিরিজ।