ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে দুই ভিয়েতনামি ফুটবলার গ্রেফতার
এই মাসের শুরুতে দক্ষিণ--পূর্ব এশিয়ান গেমসে ম্যাচ ফিক্সিংয়ের কারণে ভিয়েতনামের পুলিশ সে দেশের দুই ফুটবলারকে গ্রেফতার করেছে। ভিয়েতনামের একজন শীর্ষ ফুটবল কর্মকর্তা এ কথা জানান।
গ্রেফতারকৃতরা হলেন, জাতীয় অনুর্ধ্ব--২৩ দলের স্ট্রাইকার ফেম ভ্যান কোয়াইন এবং মিড-ফিল্ডার লী কোক ভং।
ভিয়েতনাম ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নেগুইয়েন ট্রোং হিভ বলেন, “আমরা পুলিশকে এই দুই ফুটবলারকে গ্রেফতার করার জন্য অবহিত করেছি এবং এখন তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছি।”
কয়েকজন ফুটবলার ভ্যান কোয়াইন এবং লী কোক ভংয়ের বিরুদ্ধে ফিলিপাইনে অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনেন।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী পেন ভ্যান খাই পুলিশকে তদন্ত জোরদার করার তাগিদ দিয়েছেন।
ভিয়েতনামের নয়জন ফুটবলারকে মায়ানমার এবং মালয়শিয়ার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
