২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে এসেছি, প্রতিশোধ নিতে নয়: পাক ফুটবল দলের ম্যানেজার

সদ্যসমাপ্ত সাফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের বিরুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নয়, একই প্রতিপক্ষের বিরুদ্ধে এশিয়া কাপের বাছাই পর্বের প্লে--অফ ম্যাচে নিজেদের মেলে ধরার পাশাপাশি অভিজ্ঞতা অর্জন করতে আগ্রহী পাকিস্তান ফুটবল দল। ঢাকায় পৌঁছে এমন আশাবাদ ব্যক্ত করলেন পাকিস্তান ফুটবল দলের ম্যানেজার তারিক লুতফি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের বাছাই পর্বের প্লে অফ ম্যাচ খেলতে ২৫ সদস্যের পাকিস্তান ফুটবল দল মঙ্গলবার দুপুরে ঢাকা এসে পৌঁছেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেল চারটায় দু’দল মুখোমুখি হবে। করাচীর পিপলস স্পোর্টস কমপ্লেক্সে ২৬ ডিসেম্বর দু’দল ফিরতি ম্যাচ খেলবে। 

২০০৪ সালের সাফ গেমসে পাকিস্তান ফুটবল দলের কোচের দায়িত্বপালন করা তারিক লুতফি বিডিনিউজকে জানান, বাংলাদেশের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া, কিংবা জয়--পরাজয় নিয়ে ভাবছি না। বাংলাদেশ এবং ভারত প্রচুর ম্যাচ খেলে বলে তারা নিজেদের প্রকাশ করার সুযোগ পায় পাকিস্তানের চাইতে বেশি। আমাদের জাতীয় দলের আরও বেশি এক্সপোজারের জন্য এখানে এসেছি।

লুতফি বলেন, পাকিস্তানে জাতীয় ফুটবল লিগ মাত্র দ্বিতীয় বছরে পা রেখেছে এবং আমরা ফুটবলারদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছি। আমাদের এখন আরও বেশি অভিজ্ঞতা অর্জন করা দরকার। আমি মনে করি আগামী চার-পাঁচ বছরের মধ্যে আমরা একটা ভালো অবস্থানে গিয়ে দাঁড়াতে সক্ষম হব।

ঢাকায় পৌঁছে পাক ফুটবল দলের বাহরাইনের কোচ সালমান আহমেদ সারিদাসহ পুরো দল বিশ্রামে থাকায় ম্যানেজার লুতফি বিডিনিউজকে জানান, রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইটে পাকিস্তান দল অনুশীলন করবে।

এএফসি’র কোচিং প্রশিক্ষক লুতফি প্রতিপক্ষ বাংলাদেশ সম্পর্কে বলেন, বাংলাদেশ ভালো দল, সাফ চ্যাম্পিয়নশীপে আমরা নিজেদের মাঠে তাদের বিরুদ্ধে হেরেছি। আমরা সবাই ভেবেছিলাম সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা বাংলাদেশই পাবে, কিন্তু তাদের দুর্ভাগ্য। তবে আমি বিশ্বাস করি, দেশের মাটিতে বাংলাদেশ আরও কঠিন প্রতিপক্ষ। 

অপর এক প্রশ্নের জবাবে লুতফি বলেন, আমার মতে এশিয়া কাপের বাছাই পর্বে বাংলাদেশ এবং পাকিস্তানের সরাসরি খেলা উচিত ছিল, কারণ আমাদের চেয়েও অনেক দুর্বল দল রয়েছে বাছাই পর্বে।

এশিয়া কাপের বাছাই পর্বে মোট ২৫টি দেশ অংশগ্রহন করবে। এর আগে ২৬টি দেশ বাছাই পর্বে খেলার জন্য এন্ট্রি পাঠালে এএফসি র‌্যাংকিংয়ের নীচের দিকের দুই দল পাকিস্তান এবং বাংলাদেশকে প্লে অফ ম্যাচ খেলে ২৫ দলের মধ্যে জায়গা করে নেওয়ার পরামর্শ দেয়।

সাফ চ্যাম্পিয়নশীপের স্কোয়াড থেকে ডিফেন্ডার ইয়াসির আফ্রিদি এবং মিডফিল্ডার মুদাস্সর সাঈদকে বাদ দিয়ে শহীদ সেলিম এবং সাইফুল্লাহকে দলে অর্ন্তভুক্ত করা হয়েছে বলে জানান ম্যানেজার লুতফি।