২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবলের সুপার লিগে ব্রাদার্স

নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবলের সুপার লিগে খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সেনাবাহিনীকে ৪--০ গোলে বিধ্বস্ত করেছে চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 07:42 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বিজয়ী দলের নাইজেরিয়ান রিক্রুট নওয়াচুকু পল দু’টি, স্বদেশী ফেলিক্স চিমাওকু এবং মিডফিল্ডার লিটন একটি করে গোল করেন।

ব্রাদার্স ইউনিয়ন পরপর দুই ম্যাচে মুন্সীগঞ্জ সমাবেশ ক্লাব এবং জামালপুর কাচারীপাড়া ক্লাবের বিরুদ্ধে গোলশুন্য ড্র করে নিজেদের সুপার লিগে খেলার সম্ভাবনাকে হুমকির মুখে দাঁড় করালেও শেষ পর্যন্ত শুধু সুপার লিগই নিশ্চিত করেনি, ফিরে এসেছে জয়ের ধারায়। 

চার ম্যাচে ব্রাদার্স আট পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। চার পয়েন্ট করে সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে কাচারীপাড়া ক্লাব, সেনাবাহিনী এবং সমাবেশ ক্লাব। কাচারীপাড়া এবং সেনাবাহিনী তিনটি করে ম্যাচ খেললেও সমাবেশ ক্লাব খেলেছে দু’টি ম্যাচ।

বড় জয় নিয়ে মাঠ ছাড়লেও প্রথম গোলের জন্য চ্যাম্পিয়নদের খেলার ২৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। জিসলানের পাস থেকে বল পেয়ে আলতো টোকায় গোল করে দলকে এগিয়ে দেন ফেলিক্স।

বিরতির এক মিনিট পরই গোলসংখ্যা দ্বিগুন করেন পল। সেনাবাহিনীর ডিফেন্সের দুর্বলতার সুযোগ নিয়ে ফেলিক্স বাঁ পায়ের যে শটটি নেন তা থেকে বল জালে জড়াতে ভুল করেননি পল। সেনাবাহিনীর সীমানার মধ্য থেকে কোনাকুনি শটে তৃতীয় গোলটি করেন মিডফিল্ডার লিটন। এই গোলের পেছনেও ফেলিক্সের ভূমিকা ছিল। 

খেলার শেষ বাঁশি বাজার এক মিনিট আগে সেনাবাহিনীর গোলরক্ষক মনিরুল ইসলামকে বোকা বানিয়ে চতুর্থ ও শেষ গোল করেন পল।