২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহমেদাবাদে শ্রীলংকার বিরুদ্ধে বিশাল লিড নিয়েছে ভারত

প্রথম ইনিংসের মত ভারতের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং খুব একটা ভালো না হলেও আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিন তারা নয় উইকেটে ২৮৭ রান তুলে ৪৭৯ রানে এগিয়ে গেছে। অন্যদিকে শ্রীলংকার বোলারদের জন্য আরেকটি ঘামঝরানো দিন গেছে মঙ্গলবার। ভারতীয় ব্যাটসম্যানদের কম রানে আটকে রাখতে সমর্থ হলেও অল আউট করতে পারেনি লংকানরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 06:58 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

ভারতের প্রথম ইনিংসের জবাবে শ্রীলংকা পাঁচ উইকেটে ১৩১ রান নিয়ে দিনের সূচনা করে। উইকেটে ছিলেন দিলশান (২৭) এবং জেহান মুবারক (১১)। কিন্তু একমাত্র দিলশান ছাড়া  শ্রীলংকার আর কোন ব্যাটসম্যানই হরভজনের সামনে দাঁড়াতে পারেননি। ফলে ২০৬ রানেই গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। ১৯২ রানের লিড নিয়ে সুবিধাজনক অবস্থানেই থেকে যায় ভারত।

সিরিজের প্রথম থেকেই নি®প্রভ হরভজন তৃতীয় টেস্টে এসে ঠিকই জ্বলে উঠেছেন। আগেরদিনের চার উইকেটের সাথে এদিন আরও তিন উইকেট যোগ করেন হরভজন।

তৃতীয় দিনের প্রথম আঘাতটা অবশ্য আসে কুম্বলের কাছ থেকে। ১৩ রান করে বোল্ড হন মুবারক। এরপর নিয়মিত বিরতিতে পড়েছে সফরকারীদের উইকেট। শ্রীলংকার প্রথম ইনিংসের সর্বোচ্চ রান আসে দিলশানের ব্যাট থেকে। দিলশান ১০৯ বলে আটটি চারের সহায়তায় ৬৫ রান করে হরভজনের বলে কাইফের হাতে ক্যাচ দেন। বান্দারা ২৮ রান করে অপরাজিত থাকেন। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিকরা। স্কোর বোর্ডে কোন রান জমা হওয়ার আগেই সাজঘরের পথে হাটেন শেওয়াগ। দলের নয় রানে লক্ষ্মণও শেওয়াগকে অনুসরণ করেন। টেন্ডুলকার ভালোই খেলছিলেন। কিন্তু দলীয় ৩৪ রানে দিলশানের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে তিনি ফিরে গেলে সত্যিকার অর্থেই বিপাকে পড়ে ভারত।

এখান থেকে দলকে টেনে তোলেন যুবরাজ একাই। দলের সর্বোচ্চ স্কোরটিও বেরিয়ে আসে তার ব্যাট থেকে।

প্রথম ইনিংসের হিরো ইরফান পাঠান এই ইনিংসে খুব একটা সুবিধে করতে পারেননি। তবে ৪৮ রান করে আগারকার কিছুটা হলেও দর্শকদের জমিয়ে রাখতে পেরেছেন। যুবরাজ ৮৩ বলে ১৩টি চার ও একটি ছয়ে ৭৫ রান করে বান্দারার বলে সাঙ্গাকারার হাতে ক্যাচ দেন আর আগারকার সেই বান্দারার বলেই হন বোল্ড।

মুরলিধরন প্রথম ইনিংসের মত এই ইনিংসেও বল হাতে ছিলেন সফল। মরলি এবং বান্দারা তিনটি করে উইকেট দখল করেন।