পাকিস্তানি কিংবদন্তি ইমরান খান বোলিং দীক্ষা দিবেন ফাস্ট বোলার সামিকে
পাকিস্তানের সাবেক কিংবদন্তি অধিনায়ক ইমরান খান নিজে বর্তমান প্রজন্মের ফাস্ট বোলার মোহাম্মদ সামিকে বিশেষভাবে বোলিং কোচিং দিবেন।
জানুয়ারিতে দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে পাকিস্তান দল মাঠে নামার আগে ট্রেনিং ক্যাম্পে সামিকে নিজের তত্ত্বাবধানে নিবেন ইমরান।
সামি ২৪টি ম্যাচ খেলে ৬৫টি উইকেট পেয়েছেন যার গড় দাড়ায় ৪৬ দশমিক ১২। তারপরও দলে তার স্থান পাকাপোক্ত নয়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
পাকিস্তানি অধিনায়ক ইনজামাম বলেন, “সামি নিজের সুপ্ত প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি বলে ইমরান খান উদ্বিগ্ন।”
২০০১ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের অভিষেক টেস্টে সামি আট উইকেট পান। তাছাড়া শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি হ্যাট্রিক অর্জন করেন।
কিন্তু নিজের টেস্ট ক্যারিয়ার যেভাবে শুরু করেছিলেন পরবর্তীতে তা তিনি আর ধরে রাখতে পারেননি।
ইনজামাম আরও বলেন, “ইমরান বলেছেন, ভারতের বিরুদ্ধে সিরিজের আগে ট্রেনিং ক্যাম্পে তিনি নিজে সামিকে বোলিং শিক্ষা দিবেন এবং তার দুর্বলতাগুলো ধরিয়ে দিবেন।
