পাকিস্তানের বিরুদ্ধে চতুর্থ ওয়ান ডে ম্যাচে হার্মিসনের খেলা নিয়ে সংশয়
পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যেকার ওয়ান ডে সিরিজের চতুর্থ ম্যাচে ইংলিশ ফাস্ট বোলার স্টিভ হার্মিসন ভাইরাসজনিত কারণে খেলতে নাও পারেন। এর ফলে ইংলিশ শিবিবের শক্তি আরও খর্ব হতে পারে।
ইংলিশ কোচ ডানকান ফ্লেচার বলেন, “হার্মিসন খুব ভাল বোধ করছেন না। তাই আমরা তার উপর লক্ষ রাখছি। তিনি ভাইরাসে ভুগছেন এবং অসুস্থ বোধ করছেন।
তাছাড়া বর্তমানে স্টিভ হার্মিসন ফর্মেও নেই যা তার সফরের তিনটি ওয়ান ডে ম্যাচ পর্যবেক্ষণ করলেই বুঝা যায়। তিন ম্যাচে হার্মিসন মাত্র দু’টি উইকেট পেয়েছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
ইংল্যান্ড পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে ইতোমধ্যেই ২--১ ব্যবধানে পিছিয়ে আছে। হার্মিসনের অনুপস্থিতিতে ইংল্যান্ড দলের শক্তি আরও কমে যাবে।
হার্মিসনের পূর্বে ইংলিশ অধিনায়ক মাইকেল ভন, স্পিনার অ্যাশলে জাইলস এবং ব্যাটসম্যান কেভিন পিটারসন ইনজুরির কারণে দেশে ফিরে যান।
হার্মিসনের বদলে দলে জায়গা পেতে পারেন ফাস্ট বোলার কবির আলী।
সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার রাওয়ালপিন্ডিতে।
