২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহমেদাবাদে শ্রীলংকার বিরুদ্ধে একাই লড়ছেন লক্ষ্মণ

আহমেদাবাদে শ্রীলংকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিন অধিনায়ক দ্রাবিড় বিহীন ভারত খুব একটা সুবিধে করতে পারেনি। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে সারাদিন ব্যাট করে ভারত ছয় উইকেট খুইয়ে ২৪৭ রান তুলেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 06:54 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক রাহুল দ্রাবিড়ের পরিবর্তে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল সহ অধিনায়ক বীরেন্দ্র শেওয়াগের হাতে। টসে জিতে শেওয়াগ ব্যাটিং করতে নেমে যান গৌতম গম্ভীরকে নিয়ে। কিন্তু স্কোর বোর্ডে ৩১ জমা হতেই গম্ভীরকে (১৯ রান) হারিয়ে বসে স্বাগতিকরা। ৫২ রানে ফিরে যান শেওয়াগ (২০ রান)। দু’টি উইকেটই তুলে নেন মালিঙ্গা।

ভিভিএস লক্ষ্মণ এবং শচীন টেন্ডুলকার ভালোই সামাল দিয়ে যাচ্ছিলেন মুরলিধরন আর মালিঙ্গাকে। কিন্তু দলীয় ৮৮ রানে মুরলিধরনের ভেল্কিতে আবারও খেই হারিয়ে ফেলে শক্তিশালী ভারতীয় ব্যাটিং টপ অর্ডার। ২৩ রান করে টেন্ডুলকার মুবারকের হাতে ক্যাচ দেন, আর যুবরাজ রানের খাতা খোলার আগেই সামারাবীরার হাতে ধরা পড়ে বিদায় নেন। নয় রান পর বান্দারার বলে লংকান দলপতি আতাপাত্তুর হাতে ক্যাচ দিয়ে কাইফও সাজঘরের পথ ধরেন।

অন্যপ্রান্তে তখনও প্রতিরোধের দেয়াল গড়ে দাঁড়িয়ে রয়েছেন লক্ষ্মণ। তার সাথে জুটি বাঁধেন উইকেটরক্ষক মহেন্দ্র ধোনী। ভারতীয় দল যা কিছু প্রতিরোধ গড়তে পেরেছে তা ওই ষষ্ঠ উইকেট জুটিতেই। মূল্যবান ৮৬ রান যোগ হয় এই জুটিতে। কিন্তু দলের ১৮৩ রানে আবারও আঘাত হানেন মুরলিধরন। হাফসেঞ্চুরি থেকে একরান দুরে থাকতে এলবিডব্লিউ হয়ে যান ধোনী। ততক্ষণে লক্ষ্মণ অবশ্য অর্ধশতক পূরণ করে ফেলেছেন।

ইরফান পাঠানকে নিয়ে আবার লড়াই শুরু করেন লক্ষ্মণ এবং এই জুটি দিনের শেষভাগ পর্যন্ত উইকেট আগলে রাখেন। দিনশেষে লক্ষ্মণ ৭১ এবং পাঠান ৩৯ রানে অপরাজিত রয়েছেন।

শ্রীলংকার বোলারদের মধ্যে মুরলিধরন ৭৬ রানে তিন উইকেট নিয়ে ছিলেন সফল। এছাড়া মালিঙ্গা দু’টি এবং বান্দারা একটি উইকেট দখল করেন।