২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দিনে পার্থ টেস্টের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে

ব্যাটসম্যানদের সুদৃঢ় ব্যাটিংয়ে পার্থে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে ম্যাচের নিয়ন্ত্রণ চলে গেছে অস্ট্রেলিয়ার হাতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 05:19 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে করা ২৯৬ রানের জবাবে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে দিন শেষে চার উইকেটে ৩১০ রান তুলে ২৭২ রানে এগিয়ে গেছে। স্বাগতিকদের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ২৫৮ রান।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গার ১৫ এবং ব্রেট লি শূন্য রান নিয়ে দিনের সূচনা করেন। স্কোর বোর্ডে ২৮ রান যোগ হওয়ার পর বিচ্ছিন্ন হন এই জুটি। লি ৩২ রান করে ল্যাঙ্গাভেল্টের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।

এরপর ল্যাঙ্গার--পন্টিং জুটি মূল্যবান ৪৩ রান করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। কিন্তু দলের ১২৯ রানে ঘটে ছন্দপতন। হাফ সেঞ্চুরি থেকে তিন রান দূরে থাকতেই পোলকের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ল্যাঙ্গার।

ল্যাঙ্গারের আউটের পর অধিনায়ক পন্টিংয়ের সাথে জুটি বাঁধেন ব্রাড হজ। দু’জনই প্রোটিয়াস বোলারদের শাসন করেছেন শক্ত হাতে। অধিনায়ক পন্টিং এরই ফাঁকে হাফ সেঞ্চুরিও করে ফেলেন। দলীয় ১৮৪ রানে এনটিনির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে যখন পন্টিং বিদায় নেন তখন তার নামের পাশে লেখা হয়েছে ৫৩ রান। ১০৬ বলে চারটি বাউন্ডারির সাহায্যে তিনি এ রান করেন।

দিনের বাকিটা সময় হজ এবং মাইক হাসি দক্ষিণ আফ্রিকার বোলারদের দেখেশুনে খেলে কাটিয়ে দেন। ব্রাড হজ সেঞ্চুরি থেকে মাত্র নয় রান দূরে দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে ৫৪ রানে অপরাজিত রয়েছেন হাসি। পঞ্চম উইকেট জুটিতে এরা দু’জন ১২৬ রান যোগ করেন।