প্রিমিয়ার ক্রিকেটে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে আবাহনী--মোহামেডান
দেশের দুই জনপ্রিয় ক্লাব- আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব বৃহস্পতিবার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম বড় ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে। ফতুল্লা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিন দেশের বিভিন্ন ভেন্যুতে লিগের আরও পাঁচটি খেলা অনুষ্ঠিত হবে।
দুই চিরপ্রতিদ্বন্দ্বি দলের খেলোয়াড় তালিকার দিকে দৃষ্টি দিলে শক্তির বিচারে কাগজে কলমে মোহামেডানকেই শক্তিধর বলে ধারনা করা হচ্ছে, কারণ জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার এবং উইকেট রক্ষক খালেদ মাসুদের মত পরীক্ষিত ক্রিকেটাররা রয়েছেন ঐতিহ্যবাহী মোহামেডানের তাঁবুতে। এছাড়া ভারতীয় ক্রিকেটার সন্দ্বীপ শর্মাও দলটির হয়ে খেলবেন বৃহস্পতিবারের ম্যাচে।
অন্যদিকে দলবদলে নি®প্রভ আবাহনী লিমিটেড তারকা ক্রিকেটারদের দলে টানতে ব্যর্থ হওয়ায় দলের শক্তি সম্পর্কে ক্রিকেটপিপাসুদের কিছুটা অন্ধকারে থাকতেই হচ্ছে। দলবদলে তারা কেবল পুলভুক্ত আনোয়ার হোসেন মনিরকে দলে টানতে পেরেছে। তবে পাকিস্তানি শাদাব কবিরকে দলে ভিড়িয়েছে অভিজাত পাড়ার দলটি।
অবশ্য দু’দলের খেলায় খেলোয়াড়দের জনপ্রিয়তাকে ছাপিয়ে øায়ুর উত্তেজনাই বেশি ভর করে দু’দলের দর্শক সমর্থকদের মধ্যে।
হাবিবুল বাশারের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিগের প্রথম ম্যাচে অগ্রনী ব্যাংকের বিরুদ্ধে ৬৬ রানে জিতে মানসিকভাবে বেশ চাঙ্গা অবস্থায় রয়েছে, কিন্তু আবাহনী প্রথম ম্যাচে ইন্দিরা রোডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সাত রানের জয় পেলেও চিরপ্রতিদ্বন্দ্বিদের বিরুদ্ধে দলের ভালো পারফরমেন্স আশা করছেন দলের অধিনায়ক নিয়ামুর রশিদ রাহুল।
একই দিন ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে লিগের আরেকটি হেভিওয়েট ম্যাচে মাঠে নামবে দুই হেভিওয়েট দল- গতবারের লিগ রানার্স আপ সিটি ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন।
সিটি ক্লাব প্রথম ম্যাচে কলাবাগান ছয় উইকেটে এবং ব্রাদার্স ইউনিয়ন ৮৪ রানে বিমানকে হারিয়ে নিজেদের শক্তির পরিচয় দিয়েছে।
বৃহস্পতিবার আরও যে খেলাগুলো অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে-
ওল্ড ডিওএইচএস বনাম কলাবাগান ক্রীড়া চক্র (বগুড়া স্টেডিয়াম), সোনারগাঁও ক্রিকেটার্স বনাম ওরিয়েন্ট ক্লাব (কুমিল্লা স্টেডিয়াম), ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব বনাম ইন্দিরা রোড (বিকেএসপি-১) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বনাম অগ্রণী ব্যাংক (বিকেএসপি-২)।
