পাঁজরের ইনজুরির কারণে পিটারসেন সফর অসমাপ্ত রেখে দেশে ফিরে গেলেন
পাঁজরের ইনজুরির কারণে ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসন পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না। মঙ্গলবার ইংল্যান্ড এবং ওয়ারশ ক্রিকেট বোর্ড এ কথা ঘোষণা করে।
দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী পিটারসন মঙ্গলবার রাতে ব্রিটেনে ফিরে যান এবং তাকে এক মাস বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে ইসিবি’র প্রধান মেডিক্যাল অফিসার যাতে মার্চে ভারত সফরের আগে তিনি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
প্রধান মেডিক্যাল অফিসার ড. পিটার গ্রিগোরি বলেন, “একটি পুরো সিরিজ খেলার কারণে তার পূর্বের পাঁজরের সমস্যা বৃদ্ধি পায়। প্রথম ওয়ান ডে ম্যাচের পর তার পাঁজরের স্ক্যান করা হয় এবং তাতে পাঁজরে কোনও চিড় ধরা পরেনি। কিন্তু দ্বিতীয় ম্যাচের আগে তিনি অসহ্য ব্যথা অনুভব করেন। এ ধরনের ইনজুরি চার থেকে ছয় সপ্তাহ বিশ্রাম নিলে সেরে যায়। আমরা আশা করছি কেভিন পিটারসন আগামী বছরের মার্চে ভারত সফরের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
২৫ বছর বয়সি পিটারসন বলেন, “এটা খুবই হতাশাজনক ইংল্যান্ড দলকে এ সময়ে রেখে চলে যাওয়া। আমি ম্যাচ খেলতে না পারলে খুব কষ্ট পাই এবং প্রথম দু’টি ওয়ান ডে ম্যাচ খেলার পরে ব্যথা বৃদ্ধি পায়।”
