শিশু ফুটবলার পাচারকারীদের বিরুদ্ধে তদন্ত করবে উয়েফা
ইউরোপিয়ান ফুটবল পরিচালনা পর্ষদ উয়েফা ঘোষণা দিয়েছে যে, বেআইনীভাবে শিশু ফুটবলারদের পাচারকারী ফুটবল এজেন্টদের বিরুদ্ধে তারা তদন্ত করবে।
মঙ্গলবার প্রধান নির্বাহি লারস-ক্রিস্টার অলসিন বলেন, উয়েফা’র কাছে প্রমাণ আছে যে, ইউরোপের পূর্ব এবং দক্ষিণাঞ্চলের দু’টি ক্যাম্পে বেআইনীভাবে অঞ্চলভিত্তিক শিশুদের ফুটবল শিখানোর জন্য নেওয়া হচ্ছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, “ছোট ছোট কিংবা ১০ বছরের কম বয়সি শিশুদের আনা হচ্ছে বড় ক্লাবগুলোর কাছে বিক্রি করার জন্য। আমরা মনস্থ করেছি প্রতিবেদনগুলোর তদন্ত করে তার ফলাফল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশ করবো। কোনও ক্লাবের সংশ্লিষ্ট থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হবে।”
তিনি আরও বলেন, “আমি বিশেষ কোন কেস কিংবা বিবরণ দিতে পারবো না। কিন্তু আমরা মনে করি এ ধরনের কাজ অপেক্ষাকৃত নিচু লিগ ক্লাবগুলো করছে। এ সব শিশু ফুটবলারদের অনেকে বড় ক্লাবে যেতে পারছে কিংবা ভবিষ্যতে পারবে।”
