সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বুধবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ
বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ বুধবার করাচির পিপলস স্পোর্টস কমপ্লেক্সে চতুর্থ দক্ষিণ এশিয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে।
একই ভেন্যুতে প্রথম সেমিফাইনালে গতবারের রানার্স আপ মালদ্বীপের বিরুদ্ধে লড়বে দুই বারের চ্যাম্পিয়ন ভারত।
সাফ ফুটবলের চার আসরে বাংলাদেশ এই নিয়ে টানা তৃতীয়বারের মত সেমিফাইনালে খেলছে।
নেপাল ও ভুটানের বিরুদ্ধে দু’টি জয় এবং ভারতের সাথে ড্র করে বাংলাদেশ বি গ্র“পের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নাম লেখায়। অন্যদিকে এ গ্র“প থেকে পাকিস্তান দু’টি জয় ও একটি ড্র নিয়ে সেমিফাইনালে ওঠে।
করাচির উদ্দেশ্যে দেশত্যাগের সময় বাংলাদেশের কোচ আন্দ্রে ক্রুসিয়ানি এবং অধিনায়ক আরিফ খান জয় উভয়ই সাফ ফুটবলে অংশ নেওয়া প্রত্যেকটি দলকেই শক্তিশালী বলে অভিহিত করে সব ম্যাচকেই গুরুত্বসহকারে নেয়ার কথা বলে গেছেন।
আগের ম্যাচে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ নিয়মিত একাদশের নয় ফুটবলারকে মাঠের বাইরে রাখলেও পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে পূর্ন শক্তির দল নিয়েই মাঠে নামবে।
করাচির এক টেলিভিশন চ্যানেলের সাথে মঙ্গলবার এক সাক্ষাতকারে বাংলাদেশ কোচ ক্রুসিয়ানি শক্তির বিচারে স্বাগতিকদের চাইতে বাংলাদেশকেই এগিয়ে রেখেছেন। পাকিস্তানের খেলার ধাঁচ দেখার পরই তিনি রণকৌশল ঠিক করবেন বলে জানিয়েছেন এই আর্জেন্টাইন।
সাক্ষাতকারে ক্রুসিয়ানি আরও বলেন, দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে তিনি খুশি। আগের ম্যাচগুলোর পারফরম্যান্স ধরে রাখতে পারলে ফাইনালে যাওয়া অসম্ভব কিছু না বলে তিনি জানান।
