দ্বিতীয় বিভাগ হকির শিরোপা দৌঁড়ে পিছিয়ে পড়ল উত্তরা ক্লাব
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় বিভাগ হকি লিগে বর্ণক সমাজের সাথে ১--১ গোলে ড্র করে শিরোপার দৌঁড়ে পিছিয়ে পড়েছে উত্তরা হকি ক্লাব।
মঙ্গলবারের ম্যাচে ড্র করলেও উত্তরা ক্লাব এবং পুলিশ এসি যথাক্রমে ১০ ও ১২ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে প্রথম বিভাগ লিগে উঠে গেছে। বৃহস্পতিবার লিগের শেষ ম্যাচে এই দু’দল মুখোমুখি হবে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যে শেষ ম্যাচে উত্তরা ক্লাবের জয়ের কোনও বিকল্প নেই, অন্যদিকে শেষ ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরবে পুলিশ এসি।
ম্যাচের চার মিনিটে শাকিলের গোলে প্রথম এগিয়ে যায় বর্ণক সমাজ। ৪৩ মিনিটে উত্তরার ফয়সাল গোল করে দলের পরাজয় রোধ করেন।
দিনের অপর ম্যাচে পিডব্লিউডি ৩--১ গোলে হারায় উদিতি ক্লাবকে। বিজয়ী দলের মাহমুদুল, কাওসার এবং বিধান দাশ একটি করে গোল করেন। উদিতির পক্ষে একটি গোল পরিশোধ করেন সাগর।
