২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে তিনজাতি ক্রিকেটের শিরোপা জিতল বাংলাদেশ

সাকিব আল হাসানের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে বাংলাদেশ মঙ্গলবার বিকেএসপিতে তিনজাতি অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে শ্রীলংকাকে ছয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 08:02 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

পুরো টুর্নামেন্টে ২৮০ রান এবং দশ উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ উভয় পুরস্কারই সাকিবের দখলে।

অল রাউন্ডার সাকিব আল হাসান ফাইনাল ম্যাচে বল হাতে তিন উইকেট নেওয়ার পাশাপাশি চমৎকার একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন।

প্রথম ব্যাট করে অতিথি শ্রীলংকা সাকিব, ডলার মাহমুদ এবং রেজাউল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখেও ৪৯ দশমিক এক ওভারে ২১৭ রানের সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয়। শ্রীলংকার সাতটি উইকেট ভাগাভাগি করে নেন এই তিন বোলার।

ভারতে অনুষ্ঠিত আফ্রো এশিয়া অনুর্ধ্ব ১৯ টুর্নামেন্টের রানার্স আপ শ্রীলংকা ৫৭ রানে তিন ফ্রন্টলাইন ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যয়ে পড়ে। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে করুনানায়েকে এবং সেরাসিঙ্গে ইনিংস মেরামতের দায়িত্ব তুলে নেন। এই জুটিতে মূল্যবান ৩৩ রান যোগ হয়।

এক পর্যায়ে ১২৩ রানে ছয় উইকেট হারানোর পর শ্রীলংকান অধিনায়ক ম্যাথিউস এবং আট নম্বর ব্যাটসম্যান পেরেরা (৩০) আরও ৫৪ রান যোগ করেন। শ্রীলংকা দল তাদের শেষ তিন উইকেট হারায় মাত্র ২৩ রানে।

সাকিব ৩৯ রানে তিনটি, ডলার মাহমুদ এবং স্পিনার রেজাউল দু’টি করে উইকেট লাভ করেন।

জবাবে বাংলাদেশ সাকিব আল হাসানের অনবদ্য সেঞ্চুরির সুবাদে ১৯ বল হাতে রেখেই জয় তুলে নেয়।

দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এবং রাকিবুল হাসান প্রথম উইকেট জুটিতে ৫১ রান করে দলকে ভালো সূচনা এনে দেন। তামিম ৪৬ বলে ৩৮ রান করে বীরাসিঙ্গের বলে বোল্ড হন।

এরপর রাকিবুল এবং সাকিব জুটি ৭৪ রানের আরেকটি পার্টনারশিপ গড়েন। রাকিব ৭৯ বলে ৩৬ রান করে পুষ্পকুমারার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন।

এরপরই আক্রমনাত্মক ব্যাট চালিয়ে মাত্র ৮৬ বলে দশটি বাউন্ডারির মাধ্যমে সেঞ্চুরিতে পৌঁছে যান সাকিব। ১০০ রান করেই সাকিব করুনানায়েকের বলে পুষ্পকুমারার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। ততক্ষণে অবশ্য বাংলাদেশ নিরাপদ অবস্থানে চলে যায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আলী আসগর এমপি খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।