বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি দুই ভাই
বোনাভেঞ্চার এবং সালোমন কাল্যু আপন দুই ভাই। তবে এই সম্পর্কটা ঘরের মধ্যেই সীমাবদ্ধ না থেকে যদি ফুটবল মাঠে একজন আরেকজনের প্রতিপক্ষ হন তাহলে কেমন হয়? সম্ভাবনা একটা অবশ্য রয়েছে।
স্টুটগার্টে ১৬ জুন বিশ্বকাপ ফুটবলের গ্র“প সি এর আইভরি কোস্ট এবং নেদারল্যান্ডের মধ্যেকার ম্যাচে দুই ভাই’র পরস্পরের বিরুদ্ধে মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
বোনাভেঞ্চার (২৭) বিশ্বকাপে আইভরি কোস্টের অধিনায়কত্ব করবেন। অন্যদিকে ছোটভাই সালোমন (২০) নেদারল্যান্ডের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। যদি তার আবেদন গ্রহন করা হয় সেক্ষেত্রে মার্কো ভ্যান বাস্তেনের দলে তার সুযোগ পাওয়াটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে।
মাঝমাঠ আর আক্রমন ভাগে সমান দক্ষ বোনাভেঞ্চার প্যারিস সেন্ট জার্মেই’র হয়েও মাঠ মাতিয়েছেন। আর নিজ দেশ আইভরি কোস্টের হয়ে দশটি গোলও রয়েছে তার ঝুলিতে।
সালোমন আইভরি কোস্টের ওউমি শহরে জন্মগ্রহণ করলেও ১৫ বছর বয়সে নেদারল্যান্ডে চলে যান। ওলন্দাজ ক্লাব ফেইনর্ডের হয়ে ৪৭ ম্যাচে ২৫টি গোল করেছেন সালোমন।
সালোমনের নাগরিকত্বের ব্যাপারে মার্কো ভ্যান বাস্তেন এবং জোহান ক্রুইফও সমর্থন দিচ্ছেন।
