২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার রানের পাহাড় টপকে জিতল নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চে শনিবার চ্যাপেল--হ্যাডলি ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সবচে বেশি রান তাড়া করে অস্ট্রেলিয়াকে দুই উইকেটে হারিয়ে রেকর্ডে নাম লিখিয়েছে নিউজিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 04:00 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

অস্ট্রেলিয়ার সাত উইকেটে ৩৩১ রানের জবাবে নিউজিল্যান্ড মিডল অর্ডারে অল রাউন্ডার স্কট স্টাইরিসের অনবদ্য সেঞ্চুরি, শেষ দিকে পেসার জ্যাকব ওরামের হার না মানা ৪২ এবং ম্যাককুলামের অপরাজিত ৫০ রানের সুবাদে ৩৩২ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আর এই লক্ষ্য ছুঁতে তাদের খোয়াতে হয় আট উইকেট।

শেষ ম্যাচে হারলেও প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে রেখেছে অস্ট্রেলিয়া।

টসে জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক ডেনিয়েল ভেট্টরি অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায়। সাত রানের মধ্যে দুই উইকেট তুলে নিয়ে প্রাথমিক সাফল্যও পেয়েছিল তারা। কিন্তু দুই ওপেনার গিলক্রিষ্ট এবং সাইমন ক্যাটিচ ফিরে গেলেও তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক রিকি পন্টিং আর ব্রাড হগ ১১৫ রান যোগ করে দলকে নিরাপদ অবস্থানে নিয়ে যান। দু’জনই হাফ সেঞ্চুরি পূরণ করেন। পন্টিং ৬৭ বলে দশটি চার ও দু’টি ছয়ে ৭৫ রান করে কিউই অধিনায়ক ভেট্টরির ঘূর্ণিবলে এলবিডব্লিউয়ের শিকার হন। অন্যদিকে হগ ৮৩ বলে আটটি বাউন্ডারির মাধ্যমে ৫৯ রান করে স্টাইরিসের বলে মিলসের হাতে ক্যাচ দেন।

মাঝখানে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যান্ড্রু সাইমন্ডস মাত্র এক রান করে ভেট্টরির শিকারে পরিণত হন।

মিডল অর্ডারে মাইকেল ক্লার্ক আর মাইক হাসির ব্যাট থেকে আরও দুটি ঝকঝকে হাফ সেঞ্চুরি বেরিয়ে আসলে তিনশতাধিক রান অতিক্রম করে বিশ্বচ্যাম্পিয়নরা। ক্লার্ক ৭৪ বলে নয়টি চার ও একটি ছক্কার সাহায্যে ৭১ রান করে মার্টিনের বলে মিলসের হাতে ধরা পড়ে বিদায় নিলেও ৮৮ রানে অপরাজিত থেকে যান হাসি। মাত্র ৫৬ বলে এই রান করার পথে হাসি সাতটি চার ও পাঁচটি বিশাল ছক্কা হাঁকান।

মার্টিন ৬৫ রানে তিনটি এবং ভেট্টরি ৩৭ রান দিয়ে দু’টি উইকেট দখল করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ডের সূচনাটাও খুব একটা ভালো হয়নি। দলীয় ১২ রানে ফ্লেমিংকে হারায় কিউইরা। এক পর্যায়ে ৬৫ রানের মধ্যে আরও দু’টি উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। কিন্তু ওই পর্যন্তই। মিডল অর্ডারে নেমে অল রাউন্ডার স্কট স্টাইরিসের ঝড়ো ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে অস্ট্রেলিয়ার বোলিং ডিপার্টমেন্ট। দলের ২৫৮ রানের মাথায় স্টাইরিস যখন ক্লার্কের বলে সাইমন্ডসের হাতে ক্যাচ দেন তখন তার নামের পাশে লেখা হয়েছে ১০১ রান। ৯৬ বলে ১২টি চার ও দু’টি ছক্কার সাহায্যে সাজানো ছিল স্টাইরিসের ঝড়ো ইনিংসটি। জয়টা তখনও কিউইদের নাগালের বাইরেই ছিল। কিন্তু শেষদিকে ওরাম, ম্যাককুলাম আর অধিনায়ক ভেট্টরি অসিদের সব আক্রমণ ভোঁতা করে দিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ওরাম ৩৭ বলে ৪২ রান করে ক্লার্কের বলে বোল্ড হন। ম্যাককুলাম ২৫ বলে তিনটি চার ও চারটি ছক্কার মাধ্যমে ৫০ রান করে অপরাজিত থেকে যান। অন্যপ্রান্তে ভেট্টরিও ১২ বলে দু’টি চার ও একটি ছক্কায় ২৩ রান করে অপরাজিত ছিলেন। অনবদ্য সেঞ্চুরিটির জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নিউজিল্যান্ডের অল রাউন্ডার স্কট স্টাইরিস।

সবচে বেশি রান চেজ করে জেতার আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার মুঠোয়। ২০০২ সালে পোর্ট এলিজাবেথে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার করা ৩৩০ রান চেজ করে ম্যাচ জিতে ওই রেকর্ডটি করে।