জয় দিয়ে বাংলাদেশের সাফ ফুটবল অভিযান শুরু
শিরোপাধারী বাংলাদেশ জয় দিয়ে চতুর্থ সাফ চ্যাম্পিয়নশীপে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার পাকিস্তানের করাচীর পিপলস স্পোর্টস কমপ্লেক্সে নিজেদের প্রথম গ্র“প ম্যাচে ৩--০ গোলে দুর্বল ভুটানকে হারিয়েছে বাংলাদেশ।
বিজয়ী দলের আরিফুল কবির ফরহাদ দু’টি এবং স্ট্রাইকার জাহিদ হোসেন এমিলি একটি গোল করেন। ন্যাড়া মাথার স্ট্রাইকার ফরহাদ খেলার দুই অর্ধেই একটি করে গোল করেন। এই দুই গোলের সুবাদে ফরহাদ সাফ ফুটবলে ভুটানের বিরুদ্ধে নিজের গোলসংখ্যা চার-এ উন্নীত করলেন।
প্রতিপক্ষ ভুটানকে নার্ভাসনেসে ভুগতে দেখা গেছে। খেলার তিন মিনিটেই বাংলাদেশের প্রথম ফ্রিকিকটি ভুটানের গোলবার ঘেঁষে বাইরে চলে যায়। এরপর কর্ণার স্পেশালিষ্ট মোহা¤মদ আরমানের নেয়া একটি কিক প্রতিপক্ষ শিবিরে রীতিমত ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
প্রথমার্ধে চ্যাম্পিয়নরা প্রভাব বিস্তার করে খেললেও ভুটান ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেওয়ায় বাংলাদেশের আক্রমনগুলো একে একে ফিরে আসতে থাকে। ফলে মালদ্বীপের মত প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানোর আনন্দটা উপভোগ করতে পারেনি তারা। মালদ্বীপ তাদের প্রথম ম্যাচে ৯--১ গোলে আফগানিস্তানকে বিধ্বস্ত করে।
খেলার ধারা দেখে মনে হচ্ছিল প্রথমার্ধ গোলশুন্যভাবেই শেষ হবে। কিন্তু বিরতির বাঁশি বাজার তিন মিনিট আগে বাংলাদেশকে গোল খরা থেকে উদ্ধার করেন ফরহাদ। ফ্রিকিক থেকে পাওয়া বলে ফরহাদ মাথা ছুঁইয়ে জালে পাঠিয়ে দেন। ভুটানের উগেইন দর্জি অবশ্য চেষ্টা করেছিলেন গোললাইন থেকে বল ক্লিয়ার করতে, কিন্তু তার সে চেষ্টা সফল হয়নি।
ভুটানের ওয়াংগে দর্জির একটি ফ্রিকিক গোলরক্ষক আমিনুল হক দক্ষতার সাথে ফিরিয়ে দিলে প্রথমার্ধে লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে দ্বিতীয় গোলটিও করেন ফরহাদ। অসামান্য দক্ষতায় প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
দুই গোলে পিছিয়ে পড়ে খেলায় ফিরে আসা কঠিন হলেও ভুটানের ওয়াংগে দর্জি ৬৫ মিনিটে গোলের একটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। দর্জির নেয়া তীব্র শটটি আমিনুলকে পরাস্ত করতে সক্ষম হলেও বল গোলবারে লেগে বাইরে চলে গেলে বেঁচে যায় বাংলাদেশ।
খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে জাহিদ হোসেন এমিলি তৃতীয় ও শেষ গোলটি করে ভুটানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। আলফাজের পাস থেকে বল পেয়ে ভুটানী গোলরক্ষক সিঙ্গের মাথার উপর দিয়ে তা জালে জড়িয়ে দেন এমিলি।
