২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে নিটল--টাটা ফুটবলের চূড়ান্ত পর্ব শুরু, ড্র করেছে ব্রাদার্স

কক্সবাজারে মঙ্গলবার থেকে শুরু হয়েছে নিটল--টাটা ফুটবলের চূড়ান্ত পর্ব। প্রথম ম্যাচে ব্রাদার্স এবং জামালপুরের কাচারীপাড়া ক্লাবের মধ্যেকার খেলাটি গোলশুন্য ড্র হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 07:34 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

কাচারী পাড়ার সাথে গোল শূন্য ড্র করায় ব্রাদার্সকে একটি পয়েন্ট হারাতে হয়েছে। ব্রাদার্স ৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট সংগ্রহ করেছে। আর কাচারী পাড়া  ব্রাদার্সকে রুখে দিয়ে প্রথম পয়েন্টের স্বাদ পেয়েছে।

খেলা শেষে সবাই যখন মাঠ ছাড়ছিল তখন হাসি মাখা মুখে ড্রেসিং রুমে ফিরছিলেন কাচারী পাড়ার গোলকিপার জিয়া। কেননা ম্যাচের নায়ক ছিলেন তিনিই। ব্রাদার্সের শেষ মুহুর্তের নৈপূন্য আটকে দিয়েছেন এই তরুণ। খেলার শেষ ৫ মিনিটে ব্রাদার্সের ফরোয়ার্ডরা যখন একটি গোলের জন্য মরিয়া হয়ে লড়ছিল তখন ব্রাদার্সের পর পর তিনটি নিশ্চিত গোলের সুযোগ ব্যর্থ করে দিয়েছে এই গোলকিপার। শুধু গোলকিপার নয়, জামালপুরের এই ক্লাবটির ডিফেন্ডাররা গোল শূণ্যভাবে শেষ করার জন্য চেষ্টা করে গেছেন।

প্রথমার্ধে ব্রাদার্স ছিল আক্রমণাত্মক খেলেছে। এ অর্ধে ব্রাদার্স অধিনায়ক মনোয়ার (৮ নম্বর) ও নাইজেরিয়ান পল (১০ নম্বর) দু’টি গোলের সুযোগ নষ্ট করে। প্রথমার্ধের ১০, ২২ ও ৩১ মিনিটে সুযোগ সৃষ্টি করেও কাজে লাগাতে পারেনি কাচারীপাড়া। দ্বিতীয়ার্ধের ৫মিনিটের মাথায় এগিয়ে যেতে পারতো ব্রাদার্স। তাদের মরক্কান মিডফিল্ডার হিশাম ইনানীর একটি চমৎকার মাইনাসে কাচারী পাড়ার গোলপোস্টের কাছে বলে পা লাগাতে পারেনি অধিনায়ক মনোয়ার।  খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ঘোষণা করা হয়েছে জামালপুর কাচারীপাড়ার শাহারিয়ার আবদুল্লাহ রিন্টুকে (৭ নং জার্সি)।

শুরুতে নিটল--টাটা জাতীয় ফুটবল লীগের কক্সবাজার অঞ্চলের খেলা উদ্বোধন করেন ঢাকা মহানগরী লীগ কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য আবদুর রহিম। এসময় বাফুফের সহকারি সাধারণ সম্পাদক আনওয়ার হোসেন উজ্জ্বল, সদস্য মোজাম্মেল হক মুক্তা ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল খালেক উপস্থিত ছিলেন।

বুধবার খুলনার টাউন ক্লাব এবং মুন্সীগঞ্জের সমাবেশ ক্লাবের মধ্যেকার ম্যাচ অনুষ্ঠিত হবে।