২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনজাতি ক্রিকেটে বাংলাদেশের জয়যাত্রা অব্যাহত

তিনজাতি অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টে জয়যাত্রা অব্যাহত রেখেছে বাংলাদেশ। রোববার নিজেদের তৃতীয় ম্যাচে রাকিবুল হাসানের চমৎকার সেঞ্চুরির ওপর ভর করে শক্তিশালী শ্রীলংকাকে ৬২ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 07:48 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

এটা বাংলাদেশের তৃতীয় জয়। ইংল্যান্ডকে প্রথম দুই ম্যাচে যথাক্রমে চার ও পাঁচ উইকেটে হারায় স্বাগতিক দল। অন্যদিকে টুর্নামেন্টের দুই ম্যাচে শ্রীলংকার এটা প্রথম পরাজয়। ভারতে আফ্রো এশিয় অনুর্ধ্ব ১৯ ক্রিকেটে শ্রীলংকার এই দলটির বিরুদ্ধই বাংলাদেশ আট উইকেটে পরাজিত হয়।

টুর্নামেন্টে তামিম ইকবালের পর বাংলাদেশী সেঞ্চুরিয়ানদের তালিকায় নিজের নাম লেখালেন রাকিবুল হাসান। রাকিব ১১২ বলে দশটি চার ও একটি ছক্কার মাধ্যমে ১২১ রান করেন। ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে বিসিবি হাইপারফরম্যান্স স্কোয়াডের হয়ে দুর্দান্ত খেলে দলে জায়গা করে নেন রাকিব।

বাংলাদেশ টসে জিতে প্রথম ব্যাটিং করে রাকিবুলের সেঞ্চুরি আর মেহরাব হোসেন জুনিয়রের হাফ সেঞ্চুরির সুবাদে সাত উইকেটে ২৮১ রানের বড় সড় স্কোর গড়ে। ২৫ রানে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবালকে হারানোর পর ওপেনার মেহেদী হাসান এবং রাকিবুল হাসান দ্বিতীয় উইকেট জুটিতে ৭৩ রান করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন।

মেহেদী ৬৪ বলে ৩৫ রান করে করুনারতেœর বলে কুরের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। অল্প সময়ের মধ্যে ফিরে যান সাকিব আল হাসানও। এরপর চতুর্থ উইকেট জুটিতে রাকিবুল এবং মেহরাব হোসেন জুনিয়র ১২৮ রানের পার্টনারশিপ গড়ে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন। দলীয় ২৫৪ রানে রাকিবুল করুনানায়েকের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন।

মেহরাব ৮০ বলে ৫৪ রান করেন। এছাড়া সোহরওয়ার্দী শুভ ১৫ বলে করেন ১৩ রান।

বীরাসিঙ্গে এবং করুনানায়েকে যথাক্রমে ৪৫ ও ৬৬ রানের বিনিময়ে তিনটি করে উইকেট তুলে নেন।

জবাবে শ্রীলংকা অনুর্ধ্ব ১৯ দল নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২১৯ রান করতে সক্ষম হয়। অধিনায়ক ম্যাথিউস ১১০ বলে আটটি বাউন্ডারি এবং চারটি ছক্কার সাহায্যে ৯৭ রান করে অপরাজিত থাকেন।

সফরকারীরা এক পর্যায়ে ৭৮ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। ষষ্ঠ উইকেট জুটিতে ম্যাথিউস এবং কুরে ৮৩ রান যোগ করলেও দলের পরাজয় ঠেকানোর জন্য তা যথেষ্ট ছিলনা। কুরে ৭৯ বলে করেন ৩৯ রান।

বাংলাদেশের নাবিল সামাদ এবং ডলার মাহমুদ দু’টি করে উইকেট লাভ করেন।