জাতীয় লিগে পারভেজের গোলে মোহামেডানকে হারালো আবাহনী
নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগে চিরপ্রতিদ্বন্দ্বি- আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিংয়ের মধ্যেকার লড়াইয়ে আবাহনীই সেরা হিসেবে নিজেদের প্রমাণ করেছে। রংপুর স্টেডিয়ামে শনিবার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আবাহনী ১--০ গোলে হারিয়েছে মোহামেডানকে।
আবাহনীর ফরোয়ার্ড আবদুল্লাহ পারভেজ ৪২ মিনিটে একমাত্র গোলটি করে আবাহনী দর্শকদের আনন্দে ভাসান।
আবাহনীর বিদেশী রিক্রুট ঘানার ইব্রাহিমের ক্রস থেকে বল পেয়ে সুযোগসন্ধানী আবদুল্লাহ পারভেজ দলকে গোল উপহার দেন। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই ম্যাচ জেতে দেশের ফুটবলের অন্যতম শক্তি আবাহনী।
রংপুর স্টেডিয়ামে গ্যালারিপূর্ন দর্শক আশা করা হলেও দেশজুড়ে জেএমবির বোমা হামলার হুমকির কারণে আয়োজকদের সে আশা পূরণ হয়নি। এ ব্যাপারে দু’দলের অধিনায়কই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
ম্যাচের প্রথমার্ধটা ছিল আবাহনীর দখলে। এই অর্ধে মূলত তারাই ভালো কেলে দর্শকের বাহবা কুড়িয়েছে। এ সময় মোহামেডান শিবিরে বেশকয়েকবার হানাও দিয়েছে তারা। কিন্তু একমাত্র পারভেজের গোলটি ছাড়া ফরোয়ার্ডরা আর একটি সুযোগও কাজে লাগাতে পারেনি। বিজয়ী দলের ইব্রাহিম এবং ক্যামেরুনের কিয়াকের খেলা দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে। পুরো ম্যাচে মাঠ দাপিয়ে বেড়ানো কিয়াক ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমান তার হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং স্থানীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
অন্যদিকে মোহামেডান অন্তত তিনটি গোলের সুযোগ পেলেও তা থেকে গোল করতে ব্যর্থ হয়।
দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আবাহনী বি গ্র“পের শীর্ষে অবস্থান করছে। মুক্তিযোদ্ধা সংসদ চার ও মোহামেডান এক পয়েন্ট সংগ্রহ করেছে।
কক্সবাজারে ৬ ডিসেম্বর থেকে লিগের পরবর্তী রাউন্ডের খেলা শুরু হবে।
