বোমা হামলার কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চিত
আগামি বছর প্রথমবারের মত বাংলাদেশে ঐতিহাসিক সফরে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আসার কথা থাকলেও অব্যাহত সন্ত্রাসী বোমা হামলার কারণে এই সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারস এ্যাসোসিয়েশন সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাসমূহ গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশে সাম্প্রতিক বোমা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে যে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। খবর ফক্স স্পোর্টসের।
এসিএ’এর প্রধান নির্বাহী পুল মার্শ বলেন, “এতে কোন সন্দেহ নেই যে, সম্প্রতি ঝুঁকির সম্ভাবনা ক্রমানয়ে বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, “এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে, বোমা দু’টি যে স্থানে মারা হয়েছে ম্যাচগুলো সে সব স্থানেই খেলার কথা রয়েছে।”
৯ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দল ঢাকায় একটি টেস্ট এবং দু’টি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ এবং চট্টগ্রামে একটি টেস্ট ও একটি ওয়ান ডে ম্যাচ খেলার কথা রয়েছে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রায় পাঁচ বছর অতিবাহিত হয়েছে এবং ওয়ান ডে ইন্টারন্যাশনাল খেলার যোগ্যতা অর্জন করেছে প্রায় আট বছর আগে।
ক্রিকেট অস্ট্রেলিয়া, এসিএ এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের প্রতিনিধিরা অস্ট্রেলিয়া দলের সফরের আগে ভেন্যুগুলোর অবস্থা এবং সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করার জন্য আগামি জানুয়ারির শেষ দিকে অথবা ফ্রেবুয়ারি মাসে বাংলাদেশে আসার কথা রয়েছে। তখনই অস্ট্রেলিয়া দল তিন সপ্তাহের বাংলাদেশ সফরের ভাগ্য নির্ধারিত হবে।
