প্রথম বিভাগ ক্রিকেটে আজাদ ও কাঁঠালবাগানের জয়
প্রথম বিভাগ ক্রিকেট লিগে শনিবার নিজ নিজ খেলায় জয় পেয়েছে আজাদ স্পোর্টিং ক্লাব এবং কাঁঠালবাগান স্পোর্টিং ক্লাব।
ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে আজাদ স্পোর্টিং তিন উইকেটে রূপালী ব্যাংককে হারায়। প্রথম ব্যাট করো রূপালী ব্যাংক ১৬৫ রানে অলআউট হয়। দলের পক্ষে সাইমন ৫০ রান করেন। আশিক ৩৬ রানে তিন উইকেট লাভ করেন।
জবাবে আজাদ স্পোর্টিং ৪৮ ওভারে সাত উইকেটে ১৬৬ রান করে জয় তুলে নেয়। বিজয়ী দলের দেলোয়ার সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত থাকেন। রূপালী ব্যাংকের মুন্না ২৯ রানে চার উইকেট দখল করেন।
সিটি ক্লাব মাঠে দিনের অপর খেলায় কাঁঠালবাগান স্পোর্টিং ক্লাব চার উইকেটে হারিয়েছে সূর্যতরুণ ক্লাবকে। প্রথম ব্যাট করে সূর্যতরুণ ৫০ ওভারে ২০৭ রানের সম্মানজনক স্কোর গড়ে। দলের পক্ষে সাজ্জাদুল ৪৮ এবং বাবু ৪৩ রান করেন। বিজয়ী দলের শিপলু ২৯ রানের বিনিময়ে পাঁচ উইকেট শিকার করেন।
জবাবে কাঁঠালবাগান স্পোর্টিং ৪৯ ওভারে ছয় উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন জুপিটার।
