সেনাবাহিনীকে বিধ্বস্ত করে জাতীয় ফুটবলের সেমিফাইনালের পথে মোহামেডান
দুর্দান্ত প্রতাপে বাংলাদেশ সেনাবাহিনীকে বিধ্বস্ত করে নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগের সেমিফাইনালের পথে এগিয়ে গেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার সুপার সিক্সে মোহামেডান ছয় বার সেনাবাহিনীর পোস্টে বল পাঠালেও সেনাসদস্যরা একবারও তা প্রতিহত করতে পারেনি।
মোহামেডানের ডিবাইন ও আলফাজ দু’টি করে এবং এমেকা ও নজরুল একটি করে গোল করেন।
সুপার সিক্সে দু’টি করে ম্যাচ খেলে মোহামেডান এবং মুক্তিযোদ্ধার সংগ্রহ পাঁচ পয়েন্ট। শেষ চারে পৌঁছাতে মুন্সীগঞ্জ সমাবেশ ক্লাবের বিরুদ্ধে ২ জানুয়ারির ম্যাচে জিততে হবে ঐতিহ্যবাহী সাদাকালো শিবিরকে।
আবাহনী লিমিটেড এবং ব্রাদার্স ইউনিয়ন ইতিমধ্যে সেমফাইনাল নিশ্চিত করেছে।
খেলার ১৫ মিনিটেই দলকে এগিয়ে দেন ডিবাইন। ডান কর্নার থেকে আলফাজের কিক সেনাবাহিনীর গোলরক্ষক মনিরুল ধরতে ব্যর্থ হলে আলতো টোকায় বল জালে পাঠিয়ে দেন ডিবাইন। ৩০ মিনিটে মোহামেডানের গোলসংখ্যা দুইয়ে উন্নীত করেন স্ট্রাইকার আলফাজ। মাঝমাঠ থেকে এমেকার কাছ থেকে বল পেয়ে সেনা দলের এক ডিফেন্ডার এবং গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করেন সুযোগ সন্ধানী এ স্ট্রাইকার।
৩৫ মিনিটে মোহামেডানের তৃতীয় গোলটি আসে এই এমেকার পা থেকেই। ডান প্রান্ত থেকে সেনাবাহিনীর গোলসীমায় বাড়িয়ে দেওয়া মতিউর মুন্নার পাসটি ঠিকমত আয়ত্তে নিতে পারেননি ফ্রান্সিস, কিন্তু এমেকা ভুল করেননি। বল ধরেই তীব্র শটে পরাভূত করেন সেনাদলের গোলরক্ষককে।
৪১ মিনিটে পেনাল্টি থেকে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন মোহামেডানের অধিনায়ক আলফাজ। সেনাবাহিনীর দিদারুল বক্সের মধ্যে মোহামেডানের ফ্রান্সিসকে অবৈধভাবে বাধা দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।
৭২ মিনিটে পঞ্চম গোলের দেখা পায় মোহামেডান। ডান কর্নার থেকে এমেকার কাছ থেকে বল পেয়ে চমৎকার কোনাকুনি শটে গোল করেন ডিফেন্ডার নজরুল।
মোহামেডানের হয়ে গোলের সূচনা করা ডিবাইনই দলের গোল অভিযানের সমাপ্তি টানেন। ফ্রান্সিসের একটি শট সেনাবাহিনীর গোলরক্ষক মনিরুল ফিরিয়ে দিলে ফিরতি বল জালে পাঠিয়ে দলকে ষষ্ঠ গোল এনে দেন ডিবাইন।
