অনুর্ধ্ব ১৯ টুর্ণামেন্টে বাংলাদেশের শুভ সূচনা
তিনজাতি অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টে শুভ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। সাভার বিকেএসপিতে বুধবার টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দলের সাকিব আল হাসান ও মেহরাব হোসেন জুনিয়রের দু’টি অনবদ্য হাফ সেঞ্চুরির ওপর ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে চার উইকেটে জয় পায় স্বাগতিকরা।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দল ৪৯ দশমিক পাঁচ ওভারে সব উইকেট হারিয়ে ২০৮ রানের সম্মানজনক স্কোর করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন এম আলী। ৯১ বলে সাজানো আলীর এই ইনিংসে ছয়টি চার এবং একটি ছক্কার মার ছিল।
এছাড়াও দলের পক্ষে রাইট ২৬, থম্পসন এবং ব্রাউন ২৪ রান সংগ্রহ করেন।
বাংলাদেশের পেসার ডলার মাহমুদ ইংলিশ অধিনায়ক চোপড়াকে শুন্যরানে ফিরিয়ে দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন। এরপর ৩৬ রানের মধ্যে খাদেম ও ডলার আরও দুই উইকেট তুলে নিলে ব্যাকফুটে চলে যায় অতিথিরা।
পরবর্তীতে চতুর্থ উইকেট জুটিতে আলী এবং ব্রাউন ৫৪ রান তোলার পর ব্রাউনকে প্যাভিলিয়নে পাঠান সাকিব। রাইট ও উড সপ্তম উইকেট জুটিতে ৩৯ রান যোগ করেন। উড ২১ রান করেন।
মেহরাব জুনিয়র ও ডলার মাহমুদ দু’টি করে উইকেট লাভ করেন। এছাড়া খাদেম, সাকিব, নাবিল সামাদ, সোহরাওয়ার্দী শুভ এবং রেজাউল একটি করে উইকেট দখল করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ দল ১৯ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বিপর্যয়ের মধ্যে পড়ে। কিন্তু সুপার সাব হিসেবে নামা উদ্বোধনী ব্যাটসম্যান হাসান এবং ওয়ান ডাউন সাকিব আল হাসান তৃতীয় উইকেট জুটিতে ৫০ রান করে বিপর্যয় কিছুটা হলেও সামাল দিতে সমর্থ হন। হাসান ২৮ রান করে জেমসের বলে তার হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন।
চতুর্থ উইকেট জুটিতে সাকিব এবং মেহরাব মূল্যবান ৮৫ রান করে দলকে নিরাপদ স্থানে নিয়ে যান। সাকিব ৬২ বলে ১৩টি চার এবং দু’টি ছয়ের সাহায্যে ৮৩ এবং মেহরাব ১১৮ বলে ছয়টি বাউন্ডারির মাধ্যমে অপরাজিত ৬২ রান করেন।
বাংলাদেশ ৪৩ দশমিক পাঁচ ওভারে ছয় উইকেটে ২১০ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
